অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার রানাভাটা এলাকায় ইজিবাইক উল্টে মহিতোষ মন্ডল (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে কয়লাঘাট স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিতোষ মন্ডল উপজেলার ভাটবিলা গ্রামের মৃত বিনয় কৃষ্ণ মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, মহিতোষ মন্ডল নিজ বাড়ি থেকে ইজিবাইকে করে নওয়াপাড়া বাজারে যাচ্ছিলেন। পথে রানাভাটা কয়লাঘাট স্কুলের সামনে পৌঁছালে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিনি ইজিবাইকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে জানা গেছে, ইজিবাইকটি ধোপাদী গ্রামের জাহিদুর রহমান চালাচ্ছিলেন। দুর্ঘটনার পর তিনি ইজিবাইক নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানিয়েছে, পলাতক চালককে আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।