অভয়নগর প্রতিনিধি
ছবি: সংগৃহীত
যশোরের অভয়নগরে একই রাতে তিনটি দরিদ্র পরিবারের ছয়টি গরু চুরি করে নিয়ে গেছে চোর চক্র। বুধবার (২৯ জুলাই) দিবাগত রাতের শেষভাগে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের দাসপাড়া এলাকায় এ চুরির ঘটনা ঘটে। চোরেরা এসময় মাত্র একদিনের বাছুরসহ এক কৃষকের একটি গাভীও নিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে উপজেলার বাঘুটিয়া গ্রামের দাসপাড়ার আব্বাস গাজীর গোয়ালঘর থেকে দুটি এঁড়ে গরু, রাজেন্দ্র মন্ডলের ছেলে দুলাল মন্ডলের গোয়ালঘর থেকে একটি এঁড়ে গরু এবং প্রতিবেশী প্রদীপ বিশ্বাসের গোয়ালঘর থেকে একদিনের বাছুরসহ গাভী ও আরও দুটি গরু চুরি হয়। স্থানীয়দের ধারনা, চোর চক্রের সদস্যরা গভীর রাতে ট্রাকে করে এসে গরুগুলো তুলে নিয়ে চম্পট দেয়। একই এলাকা থেকে এক রাতে ছয়টি গরু চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দা ও কৃষকদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়েবুর রহমান জানান, এক রাতে তিনটি নিঃস্ব পরিবারের ছয়টি গরু চুরি হওয়ায় পরিবারগুলো একপ্রকার পথে বসে গেছে। চুরি হওয়া ছয়টি গরুর আনুমানিক বাজারমূল্য সাত থেকে আট লাখ টাকা বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে অভয়নগর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) এস এম নুরুজ্জামান জানান, চুরির বিষয়টি শোনার পরপরই ভাটপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জকে (আইসি) ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, বাগেরহাটের ফকিরহাট থানা পুলিশ খুলনার তেরখাদা উপজেলা থেকে একটি ট্রাকসহ ১১টি গরু উদ্ধার করেছে। ফকিরহাট থানায় করা একটি গরু চুরি মামলার তদন্তে নেমে পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত গরুগুলোর মধ্যে অভয়নগর থেকে চুরি হওয়া ছয়টি গরুও রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) জুয়েল হোসেন জানান, ঘটনাটির বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে এবং চুরি হওয়া গরুগুলো শনাক্ত ও আইনি প্রক্রিয়ায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে।