নিজস্ব প্রতিবেদক
মাদকসহ আটক দুইজন ছবি:
যশোরে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আটককৃতরা হলো—শার্শা উপজেলার শিকারপুর গ্রামের মৃত শাহিনুর রহমানের ছেলে শফিকুল ইসলাম শফি এবং একই উপজেলার সালতা গ্রামের আকবর আলীর ছেলে জুয়েল হোসেন।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই সামিউল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম শার্শা উপজেলার সাড়াতলা বাজার থেকে ফুলসরগামী সড়কের একটি সেতুর ওপর অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে শফিকুল ইসলাম শফি ও জুয়েল হোসেনকে আটক করা হয়। পরে তাঁদের দেহ তল্লাশি করে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এই ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।