স্টাফ রিপোর্টার
আজ রোববার বাদ জোহর বাঘারপাড়া উপজেলার রায়পুর বাজার জামে মসজিদ প্রাঙ্গণে আব্দুস ছামাদ মেল্লার র জানাজা অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ
দৈনিক নতুন সকালের বার্তার বিশেষ প্রতিবেদক ও দিগন্ত টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি সাংবাদিক তরিকুল ইসলাম তারেকের পিতা আব্দুস ছামাদ মোল্লার (৯০) জানাজার ও দাফন সম্পন্ন হয়েছে।
আজ রোববার বাদ জোহর বাঘারপাড়া উপজেলার রায়পুর বাজার জামে মসজিদ প্রাঙ্গণে এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানাজা শুরুর আগে মরহুমের কর্মময় জীবনের ওপর সংক্ষিপ্ত আলোচনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।
এ ছাড়া জানাজায় অংশ নেন এবং সাংবাদিক তরিকুল ইসলাম তারেকসহ পরিবারের অন্যান্য সদস্যদের খোঁজখবর ও সমবেদনা জানান রায়পুর ইউনিয়ন জামায়াতের আমির গোলাম ইয়াইয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম এবং সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান। এ সময় স্থানীয় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ও নানা শ্রেণী-পেশার মানুষ জানাজায় শরিক হন।
এর আগে, আজ রোববার ভোর ৫টায় যশোরের পুলেরহাট আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন আব্দুস ছামাদ মোল্লা। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে সাংবাদিক তরিকুল ইসলাম তারেকের পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের (জেইউজে) নেতৃবৃন্দ। এক যৌথ শোক বার্তায় সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।