বাঁকড়া প্রতিনিধি
ছাফিয়া খাতুন রিমু ছবি: সংগৃহীত
যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়ায় শ্বশুরবাড়ি থেকে ছাফিয়া খাতুন রিমু (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৩ জুন) দুপুর ২টার দিকে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের রায়পটন গ্রামে এই ঘটনা ঘটে।
ছাফিয়া খাতুন রিমু বাঁকড়া ইউনিয়নের খোশালনগর গ্রামের আলহাজ্ শফিকুল ইসলামের মেয়ে। পারিবারিকভাবে ঝিকরগাছার রায়পটন গ্রামের বাসিন্দা ও বাঁকড়া বাজারের বস্ত্র ব্যবসায়ী শহিদুল ইসলামের ছেলে রিয়াদ হোসেনের সাথে তার বিয়ে হয়েছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই শাশুড়ির সাথে বনিবনা হচ্ছিল না রিমুর। যার কারনে কয়েক মাস তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন। মাত্র কয়েকদিন আগেই রিমু পুনরায় শ্বশুরবাড়িতে ফিরে আসেন। এছাড়া রিমুর শরীরে ডায়াবেটিস থাকার বিষয়টিও পারিবারিক অশান্তির অন্যতম কারণ ছিল বলে স্থানীয় অনেকে জানিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ বুধবার দুপুরে স্বামী রিয়াদ বাজার থেকে বাড়িতে ফিরে স্ত্রী রিমুকে ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের ভেতরে গিয়ে তিনি সিলিং ফ্যানের সাথে গামছা দিয়ে ঝুলন্ত দেহ দেখতে পান। এ সময় পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় আশপাশের লোকজন ছুটে এসে মরদেহটি নিচে নামান।
খবর পেয়ে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী শহিদুল ইসলাম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তীতে তদন্ত কেন্দ্রের এসআই হাদিউর রহমান নিহত গৃহবধূর মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।