নিজস্ব প্রতিবেদক
প্রেসক্লাব যশোরের সদস্যপদ, অফিস কক্ষ সম্প্রসারণ ও যথাসময়ে প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তিন দফা দাবিতে আন্দোলনে নেমেছে ফ্যাসিবাদ বিরোধী পেশাদার সাংবাদিকদের সংগঠন সাংবাদিক ইউনিয়ন যশোর (জেইউজে)। ছবি: ধ্রুব নিউজ
প্রেসক্লাব যশোরের সদস্যপদ, অফিস কক্ষ সম্প্রসারণ ও যথাসময়ে প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তিন দফা দাবিতে আন্দোলনে নেমেছে ফ্যাসিবাদ বিরোধী পেশাদার সাংবাদিকদের সংগঠন সাংবাদিক ইউনিয়ন যশোর (জেইউজে)।
ভিডিও নিউজ দেখতে ক্লিক করুন
৩ জুন বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংগঠনের নির্বাহী কমিটি ও সাধারণ সদস্যদের স্বতস্ফুর্ত উপস্থিতিতে ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনের হাতে স্মারকলিপি প্রদান করা হয়। এসময় স্মারকলিপির বিষয়বস্তু তুলে ধরে বক্তৃতা করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর ও সাবেক সভাপতি এম. আইউব।
স্মারকলিপি গ্রহণ করে সাংবাদিকদের দাবির প্রতি সম্মান রেখে একাত্বতা প্রকাশ করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। তিনি প্রেসক্লাবের নতুন সদস্যপদ প্রদানের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন এবং বিষয়টি নিয়ে অতিসত্বর নির্বাহী কমিটিতে আলোচনা করবেন বলে জানান।
দাবি যৌক্তিক উল্লেখ করে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন আরও বলেন, ‘৩৬ জুলাইয়ের পরে সাংবাদিক ইউনিয়নের সদস্যসহ গণঅভ্যুত্থানের পক্ষের সাংবাদিকরা ঐক্য বজায় রাখতে যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছেন। আমি সর্বোচ্চ চেষ্টা করবো উপযুক্তদের প্রেসক্লাব সদস্যপদ প্রদানের জন্য’।
এর আগে দুপুরে প্রেসক্লাবের দ্বিতীয় তলায় অবস্থিত সাংবাদিক গোলাম মাজেদ অডিটোরিয়ামে জরুরি সভা করে সাংবাদিক ইউনিয়ন যশোর। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আকরামুজ্জামান। দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় নিয়োজিত সংগঠনের সদস্যদের প্রেসক্লাব যশোরের সদস্যপদ প্রদান, সংগঠনের অফিস কক্ষ সম্প্রসারণ ও যথাসময়ে প্রেসক্লাবের নির্বাচনের দাবিতে সদস্যদের মতামত গ্রহণ করা হয়। এসময় সদস্যরা দাবিগুলোর স্বপক্ষে তাদের জোরাল মতামত পেশ করেন এবং সর্বসম্মতিক্রমে বিষয়গুলো নিয়ে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এক সপ্তাহ সময় বেঁধে দিয়ে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয় এবং ১০ জুনের মধ্যে দাবি আদায় না হলে পরবর্তীতে নতুন কর্মসূচি দেওয়ার পরামর্শ দেন সদস্যরা।
জরুরি সভায় পঞ্চাশের অধিক সদস্য উপস্থিত ছিলেন। সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এসএম ফরহাদ এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের সহসভাপতি বিএম আসাদ, সদস্য ও সাবেক নেতা আহসান কবীর, নূর ইসলাম, এম. আইউব, শহিদ জয়, সাইফুল ইসলাম সজল, কাজী আশরাফুল আজাদ, এসএম সোহেল, আব্দুল্লাহ হুসাইন, সরোয়ার হোসেন, তহীদ মনি, মীর মঈন হোসেন মুসা, তরিকুল ইসলাম তারেক, জুবায়ের আহম্মেদ ও নিজামুদ্দিন ভুইয়া শিমুল প্রমুখ। সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন যশোরের কোষাধ্যক্ষ মীর কামরুজ্জামান মনি, দপ্তর সম্পাদক কাজী রফিকুল ইসলাম ও নির্বাহী সদস্য হানিফ ডাকুয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ঐতিহ্যবাহী ‘প্রেসক্লাব যশোর’ এ অঞ্চলের কর্মরত সাংবাদিকদের একমাত্র অভিভাবক তুল্য এবং অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি প্রতিষ্ঠান। দীর্ঘকাল ধরে এই প্রতিষ্ঠানটি সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মান উন্নয়ন এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে অনন্য ভূমিকা পালন করে আসছে। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, সাংবাদিক ইউনিয়ন যশোরের বেশ কিছু অগ্রজ ও অনুজ পেশাদার সাংবাদিক, যাঁরা দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সাথে মূলধারার গণমাধ্যমে দায়িত্ব পালন করছেন, তারা এখনো এই ঐতিহ্যবাহী ক্লাবের সদস্যপদ থেকে বঞ্চিত রয়েছেন। তাদের অনেকেই ইতোমধ্যে নিয়ম মাফিক আবেদন জমা দিলেও অজ্ঞাত কারণে তা ঝুলে রয়েছে। অথচ অত্যন্ত বিস্ময়ের বিষয় হলো, সম্প্রতি এমন কিছু ব্যক্তিকে ক্লাবের সদস্যপদ প্রদান করা হয়েছে, যাদের সাংবাদিকতায় অভিজ্ঞতা অত্যন্ত স্বল্প ও প্রশ্নবিদ্ধ। যোগ্য ও পেশাদার সাংবাদিকদের বাদ রেখে অনভিজ্ঞদের অন্তর্ভুক্তি স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশার সৃষ্টি করেছে। এটি মেধা ও পেশাদারিত্বের অবমূল্যায়ন ছাড়া আর কিছুই নয়।
নেতৃবৃন্দ স্মারকলিপিতে আরও বলেন, আমরা মনে করি এই বৈষম্য বজায় থাকলে যশোরের ঐতিহ্যবাহী সাংবাদিক সমাজে একটি বড় ধরণের বিভক্তি ও বিশৃঙ্খলা তৈরি হতে পারে যা আমাদের কারোরই কাম্য নয়। তাই যশোরের সাংবাদিক সমাজের মধ্যে বৃহত্তর ঐক্য বজায় রাখার স্বার্থে এবং ক্লাবের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে, আসন্ন প্রেসক্লাব নির্বাচনের পূর্বেই পেশাদার সাংবাদিকদের যোগ্যতা ও অভিজ্ঞতা বিবেচনায় সদস্যপদ প্রদান জরুরি।
সাংবাদিক ইউনিয়ন যশোরের উত্থাপিত ৩ দফা দাবি হলো:
১। দুই বছর পূর্তি শেষে যথাসময়ে প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। ২। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই যোগ্য সাংবাদিকদের প্রেসক্লাব যশোরের সদস্যপদ প্রদান। ৩। যশোর শহরে কর্মরত পেশাদার সাংবাদিকদের মর্যাদা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।