ধ্রুব ডেস্ক
দুর্ঘটনাস্থলে জনতার ভিড়। ছবি: সংগৃহীত
স্বামীর লাশ নিয়ে ফেরার পথে সড়ক নড়াইলে দুর্ঘটনায় স্ত্রীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের বাদশার গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহানারা বেগম যশোর জেলার কোতোয়ালি থানার মাহিদিয়া গ্রামের মৃত্যু ইসমাইল মোল্যার স্ত্রী। এছাড়া নিহত অ্যাম্বুলেন্সচালক আকবার হোসেন লক্ষ্মীপুর জেলার রামগাতী থানার পূর্ব চর কলাকোপা গ্রামের আব্দুল হাসিমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা পুলিশ হাসপাতালে ইসমাইল মোল্যা (৬০) নামে এক ব্যক্তি ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পরে সকাল ৬টার দিকে মরদেহ নিয়ে মৃতের স্বজনরা অ্যাম্বুলেন্সে যশোর নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে নড়াইল সদর উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের বাদশার গ্যারেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা মৃত ইসমাইল মোল্যার স্ত্রী জাহানারা বেগম মারা যান। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা নিহত দম্পতির ছেলে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু তাহের মোল্যা, অ্যাম্বুলেন্সচালক আকবার হোসেনসহ ৫ জন আহত হন।
পরে তাদেরকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক অ্যাম্বুলেন্সচালক আকবার হোসেনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় পতিত অ্যাম্বুলেন্স ও বাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ধ্রুব/এস.আই