Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৩ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বেনাপোল সীমান্তে পুশ ইনের চেষ্টা ব্যর্থ: ৪ দিন পর ১৫ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

বেনাপোল প্রতিনিধি বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : বুধবার, ৩ জুন,২০২৬, ১১:৫৩ এ এম
বেনাপোল সীমান্তে পুশ ইনের চেষ্টা ব্যর্থ: ৪ দিন পর ১৫ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

পুশ ইনের উদ্দেশ্যে জড়ো করা ব্যক্তিদের চার দিন পর সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোল সীমান্তের সাদিপুর শূন্যরেখা (জিরো পয়েন্ট) এলাকায় পুশ ইনের উদ্দেশ্যে জড়ো করা কথিত বাংলাদেশি নাগরিকদের চার দিন পর সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার ভোররাতে ভারতীয় ভূখণ্ডের শূন্যরেখা এলাকা থেকে প্রায় ১৫ জনের ওই দলটিকে সরিয়ে নেওয়া হয়। বিজিবির কঠোর অবস্থান ও প্রতিরোধের মুখে বিএসএফ তাদের সরিয়ে নিতে বাধ্য হয়েছে বলে জানা গেছে। এর ফলে গত চার দিন ধরে সীমান্তে বিরাজমান উত্তেজনা কিছুটা কমেছে।

সীমান্তের স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার গভীর রাতে বেনাপোলের সাদিপুর সীমান্তের বিপরীতে ভারতের হরিদাসপুর এলাকায় তিনটি ট্রাকে করে নারী, পুরুষ ও শিশুসহ দেড় শতাধিক মানুষকে জড়ো করা হয়। পরে সীমান্তের আলো নিভিয়ে তাদের মধ্য থেকে প্রায় ১৫ জনকে জোরপূর্বক শূন্যরেখা পার করে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। এ সময় যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের টহলরত সদস্যরা তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলেন এবং তাদের বাংলাদেশে প্রবেশ করতে বাধা দেন। বিজিবির এই কঠোর অনমনীয় অবস্থানের কারণে ওই ব্যক্তিরা সীমান্তেই আটকা পড়েন এবং গত কয়েক দিন ধরে শূন্যরেখা এলাকাতেই অবস্থান করছিলেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ভারতে অবৈধ অনুপ্রবেশকারী শনাক্তকরণ ও উচ্ছেদ কার্যক্রম জোরদার হওয়ার পর থেকে সীমান্তবর্তী এলাকাগুলোতে নতুন করে চাপ তৈরি হয়েছে। বিশেষ করে ভারতে জন্মগ্রহণকারী ও দীর্ঘদিন ধরে বসবাসরত অনেক মানুষের নাগরিকত্ব নিয়ে জটিলতা দেখা দেওয়ায় এর প্রভাব পড়েছে বাংলাদেশ-ভারত সীমান্তে। স্থানীয়দের দাবি, পুশ ইনের উদ্দেশ্যে সীমান্তের ভারতীয় অংশে এখনো আরও শতাধিক মানুষকে অবস্থান করিয়ে রাখা হয়েছে। তবে বুধবার ভোররাতে সরিয়ে নেওয়া ওই ১৫ জনকে অন্য কোনো সীমান্ত পথে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করা হচ্ছে নাকি ভারতের অভ্যন্তরে অন্যত্র নেওয়া হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম খান বলেন, ‘সীমান্তে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। রোববার রাত থেকে টহল জোরদার করা হয়েছিল এবং পুশ ইনের চেষ্টা প্রতিহত করা হয়েছে। বর্তমানে সদস্যরা নিয়মিত টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।’

এদিকে, শূন্যরেখা থেকে ওই ব্যক্তিদের সরিয়ে নেওয়ার পর সীমান্তে মোতায়েন করা অতিরিক্ত বিজিবি সদস্যদের প্রত্যাহার করে নিয়মিত টহল বহাল রাখা হয়েছে। অন্যদিকে, উদ্ভূত সীমান্ত পরিস্থিতি, নিরাপত্তা ও স্থানীয় বাস্তবতা পর্যবেক্ষণে আজ বুধবার দুপুরে বেনাপোল সফরে আসছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। দুপুর ১২টার দিকে তাঁর সাদিপুর সীমান্ত পরিদর্শন এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)