বেনাপোল (যশোর) প্রতিনিধি
বৃহস্পতিবার সকালে শার্শা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ
যশোরের শার্শা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ছিনতাই প্রতিরোধ এবং মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শার্শা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভায় এ আহ্বান জানানো হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, সীমান্তবর্তী উপজেলা হওয়ায় শার্শায় মাদক ও চোরাচালান প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ জরুরি। বিশেষ করে ছিনতাই ও অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন তারা। এছাড়া মাদকসেবী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক পারভেজ, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন এবং উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা।
আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সানাউল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু বকর সিদ্দিক, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নুরুজ্জামান, শার্শা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আহম্মেদ আলী শাহিন ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং পুলিশ ও বিজিবির প্রতিনিধিরা।