নিজস্ব প্রতিবেদক
যশোরে ‘ডিএনএ’ ও ‘পেয়ারলেস’ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: ধ্রুব নিউজ
দীর্ঘদিন ধরে রোগীদের সঙ্গে প্রতারণা, দালালচক্রের দৌরাত্ম্য এবং লাইসেন্সবিহীন অবৈধ কার্যক্রম পরিচালনার অভিযোগে আলোচিত ‘ডিএনএ’ ও ‘পেয়ারলেস’ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৪ মে) জেলা প্রশাসনের এক বিশেষ অভিযানে প্রতিষ্ঠান দুটি বন্ধ করে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস। এসময় সিভিল সার্জন অফিসের প্রতিনিধি হিসেবে ডা. আবির হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শহরের এই দুটি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সাধারণ রোগীদের হয়রানি, ভুয়া রিপোর্ট প্রদান এবং দালালদের মাধ্যমে রোগী বাণিজ্যের অসংখ্য অভিযোগ ছিল। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্তের পর অভিযোগের সত্যতা পাওয়ায় এই অভিযান চালানো হয়।
সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ডা. আবির হোসেন জানান, ডিএনএ ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী দালালচক্র ব্যবহার করে সাধারণ রোগীদের ফাঁদে ফেলে আসছিল। বিভিন্ন পরীক্ষার নামে রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় এবং বিভ্রান্তিকর রিপোর্ট দেওয়ার প্রমাণ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে।
পেয়ারলেস ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযোগ আরও গুরুতর। স্বাস্থ্য অধিদপ্তরের কোনো বৈধ লাইসেন্স বা অনুমোদন ছাড়াই তারা দীর্ঘদিন ধরে প্যাথলজিক্যাল কার্যক্রম পরিচালনা করে আসছিল।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানানো হয়েছে, যশোরে স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে এবং ভুয়া ডায়াগনস্টিক সেন্টারের দৌরাত্ম্য কমাতে এ ধরনের ঝটিকা অভিযান আগামী দিনগুলোতে আরও জোরদার করা হবে।
ধ্রুব/এস.আই