❒ অস্ত্র মামলা
নিজস্ব প্রতিবেদক
পলাতক শাহীন চাকলাদার। ছবি: সংগৃহীত
নিষিদ্ধ আওয়ামী লীগের যশোর জেলা সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত। সোমবার মামলার চার্জশিটের উপর শুনানি শেষে জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন এ আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি নূর আলম পান্নু।
মামলার অভিযোগে জানা গেছে , ২০২৪ সালের ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-৪ শাখা সব অস্ত্রের লাইসেন্স স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে।
ওই প্রজ্ঞাপনে লাইসেন্সধারীদের সব অস্ত্র ওই বছরের ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমাদানের নির্দেশ দেওয়া হয়। কিন্তু, শাহীন চাকলাদার নিজের লাইসেন্স করা পিস্তল (নং ৬৯৪৪৬) জমা দেননি।
পরে এসআই তারেক মোহাম্মদ আল নাহিয়ান তদন্ত করে জানতে পারেন শাহীন চাকলাদার ফ্যাসিস্ট শেখ হাসিনার পালানোর দিন ওই অস্ত্রসহ আত্মগোপনে চলে যান। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
শাহীন চাকলাদার সরকারি নির্দেশ অমান্য করে অস্ত্রসহ পালিয়ে গিয়ে সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের সঙ্গে যুক্ত হয়ে অবৈধ কর্মকাণ্ডে ব্যবহার করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এই ঘটনায় কোতয়ালি থানার এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে ২০২৫ সালের ২৮ মে কোতয়ালি থানায় অস্ত্র আইনে মামলা করেন।
এ মামলা তদন্ত শেষে সাবেক সংসদ সদস্য শাহিন চাকলাদারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা।
মামলাটি পরবর্তীতে জেলা ও দায়রা জজ আদালতে বদলি করা হয়। গতকাল সোমবার আদালত মামলার চার্জশিটের উপর শুনানি শেষে পলাতক আসামি শাহিন চাকলাদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির এ আদেশ দিয়েছে।
ধ্রুব/এস.আই