নিজস্ব প্রতিবেদক
যশোর সদরের ফতেপুর ইউনিয়নের সীতারামপুর গ্রামের পঙ্গু মোহাম্মদ আনোয়ার হোসেনের চলাফেরা ছিল অন্যের ওপর নির্ভরশীল। শারীরিক প্রতিবন্ধী হওয়ার কারণে দীর্ঘদিনের সঙ্গী ছিল একরাশ কষ্ট। তবে এবার তার সেই কষ্ট কিছুটা লাঘব করতে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আল মামুন ফাউন্ডেশন’।
বৃহস্পতিবার সকালে ফতেপুর ইউনিয়নের সীতারামপুর গ্রামে আনোয়ার হোসেনের হাতে সংগঠনের পক্ষ থেকে একটি উন্নতমানের হুইলচেয়ার তুলে দেওয়া হয়। নতুন এই হুইলচেয়ার পেয়ে আনোয়ারের চোখেমুখে ছিল তৃপ্তির হাসি।
হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আল মামুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। মানবিক এই উদ্যোগে শামিল হতে পেরে তিনি আনন্দ প্রকাশ করেন এবং সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা আল মামুন শাওন, আহ্বায়ক তানভীর হায়দার তমাল ,সদস্য সচিব শাকির আহমেদ শুভ্র ,যুগ্ম আহ্বায়ক পাপ্পু জামান।
এছাড়াও সংগঠনের সদস্য রুবেল তরফদার, রাজু, আসিফ, আরসাদ, আবু হুরাইরা সৌমসহ স্থানীয় স্বেচ্ছাসেবীরা এই কার্যক্রমে অংশ নেন।
ফাউন্ডেশনের সদস্যরা জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই তারা কাজ করে যাচ্ছেন। আনোয়ার হোসেনের মতো যারা শারীরিক ও আর্থিকভাবে অসচ্ছল, তাদের জীবনযাত্রাকে কিছুটা সহজ করতেই এই প্রয়াস। ভবিষ্যতে তাদের এই মানবিক কার্যক্রম আরও বড় পরিসরে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
ধ্রুব/এস.আই