নিজস্ব প্রতিবেদক
জেলা প্রাসনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয় ছবি: ধ্রুব নিউজ

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয় ধ্রুব নিউজ
যশোরে যথাযোগ্য মর্যাদা, গাম্ভীর্য ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হচ্ছে ২৬শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথেই যশোরের সর্বস্তরের মানুষের ঢল নামে স্মৃতিসৌধগুলোতে।
ভোর থেকেই যশোর শহরের মনিহার মোড়ে নির্মিত বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শুরু হয়। মহান স্বাধীনতার এই মাহেন্দ্রক্ষণে বীর শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করেন যশোর জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও জেলা স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পর্যায়ক্রমে শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিস্তারিত কর্মসূচি পালন করেছে জেলা পুলিশ । মনিহার মোড়ে শ্রদ্ধা নিবেদন শেষে জেলা পুলিশ লাইন্সে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সেখানে মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, "বীর শহীদদের মহান আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা একটি স্বাধীন মানচিত্র ও পতাকা পেয়েছি। তাঁদের এই ঋণ শোধ হওয়ার নয়।" স্বাধীনতার মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগ করার জন্য তারা সকলের প্রতি আহ্বান জানান।
যশোরের রাজপথ থেকে শুরু করে পাড়া-মহল্লায় আজ জাতীয় পতাকার শোভা এবং দেশাত্মবোধক গানের সুর সাধারণ মানুষের মধ্যে দেশপ্রেম ও স্বাধীনতার চেতনাকে নতুন করে জাগ্রত করেছে।