ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
বর্তমান সরকারের নতুন ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনার আওতায় সারা দেশের মাত্র ৯টি উপজেলার একটি হিসেবে যশোরের ঝিকরগাছায় শুরু হয়েছে ‘কৃষি স্মার্ট কার্ড’ তৈরির কাজ। এই প্রকল্পের তথ্য সংগ্রহ ও ব্লক নির্ধারণের লক্ষ্যে সোমবার সকালে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনী খাতুন-এর সভাপতিত্বে সভায় জানানো হয়, এই পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে পানিসারা ইউনিয়নের রাজাপুর ব্লকের কৃষকরা স্মার্ট কার্ড পাবেন। এই কার্ডের মাধ্যমে সরকারি ভর্তুকি, প্রণোদনা ও আর্থিক সুবিধা সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। তিনি বলেন, “প্রধানমন্ত্রী কাজের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা দেখতে চান। নতুন সরকারের এই প্রকল্পে কোনো দলীয় বিবেচনা নয়, বরং প্রকৃত যোগ্য কৃষকরাই সুবিধা পাবেন।”

উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, নতুন এই প্রকল্পের পাশাপাশি ৪০০ জন কৃষককে সার ও বীজ দেওয়া হবে। সভায় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. নান্নু রেজা ঝিকরগাছার বিল ও বাঁওড়নির্ভর জেলেদের স্মার্ট কার্ডের আওতায় আনার বিষয়ে গুরুত্বারোপ করেন। এছাড়াও ফসল সংরক্ষণের জন্য এ বছর ৪টি নতুন এয়ার ফ্লো মেশিন প্রদানের প্রস্তাব করা হয়েছে।
সভায় স্বচ্ছতা নিশ্চিতে প্রতিটি ইউনিয়নে প্রতিনিধিদের সমন্বয়ে একটি করে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। ইউএনও কার্যালয় থেকে অনুমোদিত এই কমিটির মাধ্যমেই কৃষি স্মার্ট কার্ড প্রদান, সার ও বীজ বিতরণ কার্যক্রম পরিচালিত হবে।
সভায় উপস্থিত থেকে মতামত তুলে ধরেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম খান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশীদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আখতার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ অলিয়ার রহমান, ঝিকরগাছা প্রেস ক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম, ঝিকরগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, বাঁকড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আনিস উর রহমান, গঙ্গানন্দপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম, গদখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. সামছুর রহমান, ছাত্র প্রতিনিধি মোছা. আখি খাতুন।
নতুন সরকারের প্রথম দফার এই বিশেষ প্রকল্পে ঝিকরগাছাকে অন্তর্ভুক্ত করায় স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।