বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
যশোরের বাঘারপাড়াকে একটি আদর্শ, পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও যশোর জেলা পশ্চিম শাখা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক গোলাম রসুল। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) ভোর সাড়ে ৬টায় বাঘারপাড়া চৌরাস্তা থেকে এই স্বেচ্ছাশ্রম কর্মসূচির সূচনা করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে বাঘারপাড়া বাজারের বিভিন্ন অলিগলি ও প্রধান সড়কে এই পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। পুরো কর্মসূচিতে সরাসরি উপস্থিত থেকে তদারকি করেন অধ্যাপক গোলাম রসুল। এ সময় নেতাকর্মীদের কয়েকটি দলে ভাগ করে বাজারের ড্রেন, রাস্তা ও যত্রতত্র পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
অভিযান শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। আমরা এমন একটি বাঘারপাড়া চাই যা হবে চাঁদাবাজিমুক্ত, দুর্নীতিমুক্ত এবং পরিচ্ছন্ন এক মডেল উপজেলা। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই জনপদকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলতে আমরা অঙ্গীকারবদ্ধ।”
পরিচ্ছন্নতা অভিযান শেষে তিনি স্থানীয় প্রাথমিক শিক্ষকদের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। পরবর্তীতে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও নৈতিক মূল্যবোধ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা আ. জব্বার, উপজেলা কর্মপরিষদ সদস্য আব্দুল হায়, পৌর আমির মাওলানা সিদ্দিকুর রহমান এবং পৌর সেক্রেটারি অধ্যাপক আব্দুল হক সহ স্থানীয় নেতৃবৃন্দ।