শার্শা প্রতিনিধি
দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদকবিরোধী অভিযানে আবারও বড় ধরনের সফলতা দেখিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আওতাধীন হিজলী ও কাশিপুর বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির বিশেষ টহল দল এই অভিযানগুলো পরিচালনা করে।
অভিযানে আটককৃতদের কাছ থেকে এবং বিভিন্ন সীমান্ত পয়েন্টে তল্লাশি চালিয়ে ১৪.৯ কেজি ভারতীয় গাঁজা, ১০৮ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৪২টি শাড়ি, ৭৪টি কসমেটিক্স সামগ্রী, ৮১ পিস বিভিন্ন ঔষধ, ৮৬ প্যাকেট কীটনাশক এবং ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত এসব চোরাচালান পণ্যের বর্তমান বাজারমূল্য আনুমানিক ৪ লাখ ৬ হাজার ৫৬০ টাকা।
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিবিজিএম, পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্তে অপরাধ দমনে পরিকল্পিত গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল জোরদার করার ফলে এই বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, দেশের অর্থনৈতিক সুরক্ষা এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটককৃত আসামীদের বিরুদ্ধে ইতোমধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে এবং জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে।