চৌগাছা (যশোর) প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) চৌগাছা কামিল মাদরাসা মাঠে চৌগাছা জামায়াতের উদ্যোগে এই গণসংবর্ধনা দেওয়া হয়।
ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দনের মধ্য দিয়ে নবনির্বাচিত এমপিকে বরণ করে নেয় চৌগাছাবাসী। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন।
উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান আল মামুন এবং সহকারী সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ।
সংবর্ধনার জবাবে প্রধান অতিথির বক্তব্যে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, দেশ ও দেশের বাইরে থেকে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকায় ব্যাপক উন্নয়ন সাধন করা হবে। মানুষের মৌলিক চাহিদা—খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। তবে এসব উন্নয়নের প্রধান অন্তরায় দুর্নীতি। উন্নয়ন প্রকল্পের সঠিক হিসাব-নিকাশ নিশ্চিত করতে হবে। কোনো প্রকল্পে গরমিল পাওয়া গেলে ভবিষ্যতে সেখানে নতুন প্রকল্প দেওয়ার ক্ষেত্রে আমরা কঠোর হবো।
তিনি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনারা প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করবেন। নির্বাচনের আগে দেওয়া প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে আমাদের একযোগে কাজ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন অবস্থানের কথা জানিয়ে তিনি আরও বলেন, আমার দলের কেউ বা অন্য যে কেউ যদি কারও ওপর অন্যায়-অত্যাচার করে, আমি সবসময় মজলুমের পক্ষে থাকবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির, কর্মপরিষদ সদস্যবৃন্দ, পৌর আমির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।