নিজস্ব প্রতিবেদক
যশোর মডেল মসজিদ। ছবি: ধ্রুব রিপোর্ট
মডেল মসজিদে তারাবির সলাত চলাকালে জনৈক মুসল্লিকে ছুরিকাঘাত চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সোমবার পঞ্চম রোজা শেষে ষষ্ঠ রোজার তারাবির সলাতের শেষের দিকে আনুমানিক রাত ১০ টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটেছে। কিশোর গ্যাং এর সদস্য খ্যাত হৃদয় ওই মুসল্লির পেটে ছুরি মারতে উদ্ধত হয়। এ সময় পাশে থাকা অপর এক কিশোর হৃদয়ের হাত ধরে ফেললে ওই মুসল্লী ছুরিকাঘাত থেকে রক্ষা পান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ সময় সে পালিয়ে যায়।
জানা গেছে যশোর শহরের রেলগেটস্হ মডেল মসজিদে তারাবির সলাত চলাকালীন সময়ে মসজিদের দুই তলায় পিছনের দিকে হট্টগোলরত ওই কিশোরকে শান্ত থাকতে বলায় সে ওই মুসল্লিকে ছুরি মারতে উদ্যত হয়। কিশোর গ্যাং এর সদস্য খ্যাত হৃদয় শহরের ষষ্ঠীতলা পাড়ায় বসবাস করে । তার বাবার নাম মরা। চাচার নাম চায়না।
এদিকে সলাত শেষে ভুক্তভোগী ওই মুসল্লি যখন মসজিদের পিছনের কাতারে দাঁড়িয়ে খতিব সাহেবকে ডেকে উচ্চস্বরে এই অভিযোগ করছিলেন তখন তিনি বিষয়টি তেমন একটা কর্ণপাত না করে মোনাজাত করা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এ নিয়ে মুসল্লিদের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি তারাবির সালাত শুরুর দিন থেকে মসজিদের প্রতিটি ফ্লোরে পিছনের দিকে সাধারণ বালক ও কিশোরদের বেপরোয়া দৌঁড়ঝাপ, চিল্লাচিল্লি এবং হট্টগোল লক্ষ্য করা গেছে। এদের মধ্যে অপরাধ প্রবণতায় জড়িত কিশোর গ্যাং এর সদস্যরা ঢুকে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর চেষ্টা করছে বলে নিয়মিত মুসল্লিরা জানিয়েছেন।
এ সময় মুসল্লিরা মসজিদ কমিটির সদস্য তথা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।