চৌগাছা (যশোর) প্রতিনিধি
জামায়াতের চৌগাছা উপজেলা শাখার আমির মাওলানা গোলাম মোর্শেদের মায়ের জানাজায় অংশগ্রহণেচ্ছুদের একাংশ ছবি: ধ্রুব নিউজ
জামায়াতের চৌগাছা উপজেলা শাখার আমির মাওলানা গোলাম মোর্শেদের মায়ের জানাজার সোমবার (২৩ ফেব্রুয়ারি) চৌগাছা সরকারি মডেল শাহাদাত পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে মরহুমার জীবন ও কর্মের ওপর আলোকপাত করা হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
উল্লেখযোগ্যদের মধ্যে জানাজায় উপস্থিত ছিলেন শার্শার নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান, চৌগাছা-ঝিকরগাছার নবনির্বাচিত সংসদ সদস্য ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদ এবং যশোর জেলা জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি, সাবেক সভাপতি, সেক্রেটারি ও সহকারী সেক্রেটারি এবং পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীরা। চৌগাছা উপজেলার সকল রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আশপাশের এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ এই জানাজায় শরীক হন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়।
রত্নগর্ভা এই মহিয়সী নারী বার্ধক্যজনিত কারণে গত শুক্রবার বিকেল ৫:২০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। উপজেলা আমিরের মায়ের মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে এবং মরহুমার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তার বাসভবনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ করা যায়। নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। জানাজায় অংশগ্রহণকারী এবং শোক প্রকাশকারী সকলের প্রতি পরিবারের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।