শার্শা-বেনাপোল প্রতিনিধি
শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ ভবনের হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান ছবি: ধ্রুব নিউজ
যশোরের শার্শা উপজেলাকে একটি দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও আদর্শ মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তার সার্বিক সহযোগিতা কামনা করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান। তিনি বলেন, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ ভবনের হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আজীজুর রহমান তার বক্তব্যে বলেন, আমি আপনাদের সকলের সহযোগিতায় শার্শা উপজেলাকে একটি দুর্নীতিমুক্ত ও আদর্শ মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এখানে দল-মত-ধর্ম নির্বিশেষে সকল মানুষের কল্যাণে আমরা একসঙ্গে কাজ করবো, ইনশাআল্লাহ।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে সংসদ সদস্যের পরিচয় করিয়ে দেন এবং প্রত্যেকে নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম ও শার্শা থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন।
এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, শার্শা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফারুক হাসান, বেনাপোল পোর্ট থানা জামায়াতের আমীর রেজাউল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম, নির্বাচনী সদস্য সচিব মাওলানা হাবিবুর রহমান ও মাওলানা আহমদ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উপস্থিত কর্মকর্তাবৃন্দ সংসদ সদস্যের এই উন্নয়নমুখী ও দুর্নীতিবিরোধী লক্ষ্য বাস্তবায়নে একাত্মতা প্রকাশ করেন এবং শার্শাকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।