অভয়নগর (যশোর) প্রতিনিধি
সোমবার উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয় ছবি: ধ্রুব নিউজ
যশোরের অভয়নগর উপজেলায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে উপজেলা আইনশৃঙ্খলা কমিটি। এসব অপরাধ দমনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে প্রতিটি পাড়া-মহল্লায় ‘প্রতিরোধ কমিটি’ গঠনের আহ্বান জানানো হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত সদস্যরা জানান, সম্প্রতি এলাকায় মাদক ও চাঁদাবাজদের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। জনমনে স্বস্তি ফেরাতে পুলিশি তৎপরতার পাশাপাশি সামাজিক সচেতনতা ও প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় মাদক ও সন্ত্রাস নির্মূলে স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে দ্রুত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া যশোর-খুলনা মহাসড়কের নূরবাগ বাসস্ট্যান্ড ও স্বাধীনতা চত্বর এলাকায় তীব্র যানজট নিরসন এবং নওয়াপাড়া বাজারের ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পথচারীদের চলাচল নির্বিঘ্ন করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। একইসাথে বাল্যবিবাহ ও নারী নির্যাতন বন্ধে জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা এবং জেলা পরিষদ মার্কেট নির্মাণে ওঠা অনিয়মের অভিযোগ খতিয়ে দেখার সিদ্ধান্ত গৃহীত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলীমুর রাজীব, অভয়নগর থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাহিদুল ইসলাম এবং নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান। রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মহিউল ইসলাম ও সহ-সেক্রেটারি গোলাম মোস্তফা। এছাড়া নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পালসহ অন্যান্য সরকারি কর্মকর্তাগণ সভায় তাঁদের মতামত ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে ইউএনও শেখ সালাউদ্দীন দিপু বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সাধারণ মানুষকে সাথে নিয়ে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা হবে। সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রজব আলী ও কৃষি কর্মকর্তা লাভলী খাতুনসহ আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।