নিজস্ব প্রতিবেদক
আটক পাঁচজন ছবি: ধ্রুব নিউজ
যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মশাল মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে নতুন মামলা হয়েছে। মামলায় ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে। এ ঘটনায় এসআই শেখ সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে যশোর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন যশোরের বাঘারপাড়া উপজেলার ক্ষেত্রপাল এলাকার হাসান আলীর ছেলে মিথুন হোসেন, উত্তর শ্রীরামপুর গ্রামের নুরুল সরদারের ছেলে রনি হাসান, মনিরামপুর উপজেলার ডালকিডাঙ্গা ভোজগাতী গ্রামের নাজমুল হোসেন রাজুর ছেলে হাসিবুল বাশার শান্ত, কোন্দপপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে হুমায়ুন কবির ও যশোর সদরের রঘুরামপুর গ্রামের আজহার আলীর ছেলে নাছিম আহম্মেদ।
মামলার অভিযোগে জানা গেছে, ২৭ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে শহরের শহীদ মশিউর রহমান সড়কের বিমান অফিস মোড়সংলগ্ন পাকা রাস্তায় ৮০ থেকে ৯০ জনের একটি দল মশাল মিছিল বের করে। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেয়। সাবেক ছাত্রলীগ নেতা সুমন ও জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদের নেতৃত্বে এ মিছিল বের করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলে অংশগ্রহণকারীরা মশাল ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ঘটনাস্থল থেকে বাঁশের লাঠির সঙ্গে পাটের চট দিয়ে তৈরি কেরোসিন মিশ্রিত ৪০টি মশাল উদ্ধার করে জব্দ করে পুলিশ। এ ঘটনায় ৩০ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।
আসামিরা হলেন শহরতলীর আরবপুরের আল আমিন, বাদল ও শিমুল, রঘুরামপুরের নাছিম আহম্মেদ, খড়কির মেহেদী, যবিপ্রবি ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও কাজীপাড়ার হৃদয়, পালবাড়ির জাকারিয়া ও সাহস, নুরপুরের সেতু, খোলাডাঙ্গার মাসুদ রানা, আরবপুরের সুনম, লোন অফিসপাড়ার বাধন ও সাকিব চৌধুরী, চুড়িপট্টির মীর মোশারফ হোসেন বাবু, গড়িখানা রোডের রনি, শংকরপুরের রনি, ভেকুটিয়ার জনি, বাঘারপাড়ার ক্ষেত্রপাল গ্রামের কৌশিক বিশ্বাস, সবুজ বিশ্বাস, ফারদিন মোল্যা ও শুভ, মনিরামপুরের চালকিডাঙ্গা গ্রামের তামিম ও ফয়সাল এবং জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও মশ্মিনগরের আসাদ। শনিবার আটক পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।