বেনাপোল প্রতিনিধি
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ছবি: ধ্রুব নিউজ
যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৮ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর আওতাধীন বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ১৭ হাজার ৬০০ টাকা।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১৬৬টি ভারতীয় শাড়ি, ৩১টি কম্বল, ২৭টি চাদর, পাঁচটি তৈরি পোশাক, ১ হাজার ৪৭২টি প্রসাধনসামগ্রী, ২০০টি ওষুধ, ২ হাজার ৫০টি চকলেট, ১২০টি খাদ্যসামগ্রী, সাড়ে ৭ কেজি কিশমিশ, ৫ কেজি জিরা, ২৮ প্যাকেট পানমসলা, ১৪ প্যাকেট ফুচকা এবং ৩ কেজি আমসত্ত্ব।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য পাচারের সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত ও আটক করতে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকাগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।