বিশেষ প্রতিবেদক
আজ সকাল ১০টায় যশোর কালেক্টরেট সভাকক্ষে ভুক্তভোগী ও অংশীজনদের নিয়ে এক মতবিনিময় সভা মঞ্চে ৪ মন্ত্রী, দুই এমপি, মন্ত্রীপরিষদ সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ছবি: ধ্রুব নিউজ
‘যশোরের দুঃখ’ খ্যাত ভবদহ জলাবদ্ধতার স্থায়ী সমাধানের লক্ষ্যে ৩০০ কোটি টাকা ব্যয়ে একটি বৃহৎ প্রকল্প গ্রহণ করেছে সরকার। ‘বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ কার্যক্রম বাস্তবায়ন’ শীর্ষক এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও ভুক্তভোগীদের মতামত নিতে আজ যশোরে সফর করেছেন সরকারের চার মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ মন্ত্রিপরিষদ সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
আগামী ২০৩০ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হলে ১৭ হাজার ২০০ হেক্টর জমি কৃষি উৎপাদনের আওতায় আসবে, যার মধ্যে কেবল ভবদহ এলাকারই ৫ হাজার ২০০ হেক্টর জমি চাষাবাদের উপযোগী হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আজ সকাল ১০টায় যশোর কালেক্টরেট সভাকক্ষে ভুক্তভোগী ও অংশীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আসাদ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি সভায় সভাপতিত্ব করেন।
সভার শুরুতে ভবদহ অঞ্চলের অতীত ও বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিশেষজ্ঞরা। এতে জলাবদ্ধতার মূল কারণ, বিগত সময়ে গৃহীত পদক্ষেপের প্রভাব এবং নদ-নদীর বর্তমান অবস্থা ও পরিবেশ বিপর্যয়ের বিস্তারিত চিত্র তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, "বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত জনবান্ধব সরকার। ভবদহ সমস্যার সমাধান জনগণের ইচ্ছামতোই হবে এবং এর স্থায়ী সমাধানে টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম)-এর কোনো বিকল্প নেই।" তিনি আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রী নিজেও বিষয়টি নিয়ে অত্যন্ত আন্তরিক এবং দ্রুত পানি নিষ্কাশন করে সব জমি চাষের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। আগামী মৌসুমেই যেন কৃষকরা ফসল ঘরে তুলতে পারেন, সে লক্ষ্যে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে।
পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ভবদহ প্রকল্পকে সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে বলেন, "আমরা জলাবদ্ধতার কবল থেকে এলাকাবাসীকে মুক্ত করে প্রতিটি বিঘা জমিতে ফসল ফলাতে চাই। স্বল্প ও দীর্ঘমেয়াদী দুই ধরনের প্রকল্পেই এখন এলাকাবাসীর সার্বিক সহযোগিতা প্রয়োজন।"
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আসাদ বলেন, "জনগণের মতামত ও ভুক্তভোগীদের পরামর্শের ভিত্তিতেই ভবদহ সমস্যার স্থায়ী সমাধান করা হবে। সেই লক্ষ্য নিয়েই আজ সকল স্টেকহোল্ডারদের নিয়ে আমরা আলোচনায় বসেছি।"
সভায় অন্যান্যের মধ্যে যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক নূর ইসলামসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ভবদহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে মন্ত্রী ও সচিবরা সফরসঙ্গীদের নিয়ে সরেজমিনে ভবদহ জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন।