নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের বেজপাড়া এলাকায় মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে বেজপাড়ার বেহারী কলোনীর বাদলের বাড়ির পেছনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার গণেশপুর গ্রামের কাশেম সরদারের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫) ও মোহাম্মদ গাজীর ছেলে আকবর (৫৫)।
পুলিশ ও কর্মরত শ্রমিকরা জানান, সকালে বাদলের বাড়ির পেছনে স্তূপ করে রাখা মাটি খুঁড়ছিলেন তারা। একপর্যায়ে কোদালের কোপ লেগে হঠাৎ বোমা বিস্ফোরণ ঘটলে দুজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, আহতদের একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং অপরজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিস্ফোরিত বোমার নমুনা সংগ্রহ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অনেক আগে কেউ মাটির নিচে বোমা পুঁতে রেখেছিল। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।
এদিকে সাম্প্রতিক সময়ে শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় এই বিস্ফোরণের ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।