Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মাঘী পূর্ণিমার আগেই ভবদহে টিআরএম চালু ও আমডাঙ্গা খাল সংস্কারের দাবি

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০১:৪৪ পিএম
মাঘী পূর্ণিমার আগেই ভবদহে টিআরএম চালু ও আমডাঙ্গা খাল সংস্কারের দাবি

ভবদহ এলাকার জনগণের পক্ষে সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেন। ছবি: ধ্রুব নিউজ

ভবদহ অঞ্চলের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসনে মাঘী পূর্ণিমার আগেই দামুখালি বিলে টিআরএম (জোয়ারাধার) চালু, বর্তমান শুষ্ক মৌসুমে আমডাঙ্গা খাল সংস্কার প্রকল্পের কাজ সম্পন্ন এবং অসমাপ্ত নদী খনন শেষ করাসহ ৫ দফা দাবিতে যশোর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি।

মঙ্গলবার (১৭ নভেম্বর, ২০২৬) ভবদহ এলাকার জনগণের পক্ষে সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জনগণের দীর্ঘ আন্দোলনের মুখে দুই বছর আগে ৫০ কোটি টাকা ব্যয়ে আমডাঙ্গা খাল সংস্কার এবং গত বছর ১৪০ কোটি টাকা ব্যয়ে ৮১ কিলোমিটার নদী খনন প্রকল্প গ্রহণ করা হয়। তবে দেড় বছর আগে আমডাঙ্গা প্রকল্পের দরপত্র (টেন্ডার) সম্পন্ন হলেও এখনো মূল কাজ শুরু হয়নি। অন্যদিকে, ২৭ বিলের পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম হরি নদীর অন্তত ৫ কিলোমিটার তলদেশ ২ ফুট গভীর করে খনন করা হয়নি এবং সব ক্রসবাঁধ অপসারণ না করায় ভাটির সময় নদীর তলা জেগে উঠছে। এ ছাড়া ভবদহ স্লুইস গেটের উজানে টেকা ও মুক্তেশ্বরী নদীর ৭ কিলোমিটার এবং শ্রী নদীর ১ কিলোমিটার অংশ খনন না করেই কাজ সমাপ্ত দেখানো হয়েছে। মুক্তেশ্বরী নদীতে শত শত নেট-পাটা ও কচুরিপানা-শ্যাওলা জমে থাকায় পানি নিষ্কাশন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে বিলে এখনো ৪ থেকে ৫ ফুট পানি জমে থাকায় চলতি মৌসুমে অধিকাংশ জমিতে ফসল না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

নেতৃবৃন্দ আশঙ্কা প্রকাশ করে বলেন, আর মাত্র দুই মাস পরই মাঘী পূর্ণিমা। এর পরপরই জোয়ারের পানিতে প্রচুর পলি আসতে শুরু করবে। মাঘী পূর্ণিমার আগে জাতীয় কর্মশালায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আইডব্লিউএম প্রস্তাবিত দামুখালি বিলে টিআরএম বাস্তবায়ন না করলে ১৪০ কোটি টাকা ব্যয়ে খননকৃত নদীগুলো পলি জমে আবারও ভরাট হয়ে যাবে এবং আগামী বছর গোটা অঞ্চল পুনরায় স্থায়ী জলাবদ্ধতার কবলে পড়বে।

সংগ্রাম কমিটির ৫ দফা দাবি: ১. চলতি শুষ্ক মৌসুমের মধ্যেই আমডাঙ্গা খাল সংস্কার প্রকল্পের কাজ সম্পন্ন করতে হবে। ২. জরুরি ভিত্তিতে টেকা ও হরি নদীতে থাকা সব ক্রসবাঁধ অপসারণ এবং অগভীর স্থানগুলো গভীর করে দিতে হবে। ৩. মাঘী পূর্ণিমার আগেই আইডব্লিউএম প্রস্তাবিত বিলে টিআরএম বাস্তবায়ন করতে হবে। ৪. আগামী শুষ্ক মৌসুমে অসমাপ্ত নদী খনন কাজ সম্পন্ন করতে হবে। ৫. এলাকার অধিকাংশ মৎস্য খামার (ঘের) মালিকরা রাস্তাকে ভেড়ি হিসেবে ব্যবহার করছেন এবং খাল-কালভার্ট আটকে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে বোরিং থেকে পানি উত্তোলন করছেন; তাদের কঠোরভাবে ঘের নীতিমালা মানতে বাধ্য করতে হবে।

স্মারকলিপিতে স্বাক্ষর করেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক গাজী আব্দুল হামিদসহ কমিটির নেতা শেখর বিশ্বাস, অনিল কুমার বিশ্বাস, সুখেন্দু বিশ্বাস, ভগীরথ শিকদার, রাজু আহাম্মেদ, বিকাশ চন্দ্র ও শিব পদ বিশ্বাস।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)