অভয়নগর প্রতিনিধি
আটকের পর ছাড়িয়ে নেওয়া হয়েছে মৎসজীবী লীগ নেতাকে(তীর চিহ্নত) ছবি: ধ্রুব নিউজ
যশোরের অভয়নগরে পুলিশের হাত থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন মৎস্যজীবী লীগের এক নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা বাজারে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত বিএনপি নেতা রেজাউল ইসলাম মোল্যা প্রেমবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাশকতার পরিকল্পনার অভিযোগে মৎস্যজীবী লীগের প্রেমবাগ ইউনিয়ন আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমানকে গ্রেপ্তার করতে মাগুরা গ্রামে অভিযান চালায় অভয়নগর থানা পুলিশ। হাফিজুরকে আটক করার পরপরই রেজাউল ইসলাম মোল্যা তার লোকজন নিয়ে পুলিশের দলকে ঘেরাও করেন এবং জোরপূর্বক পুলিশের হেফাজত থেকে তাকে ছাড়িয়ে নিয়ে যান।

কমিটির তালিকায় হাফিজুর রহমান ( সবুজ রং করা) ধ্রুব নিউজ
ঘটনার সত্যতা নিশ্চিত করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, রেজাউল ইসলাম মোল্যার নেতৃত্বে একদল লোক মাগুরা বাজারে পুলিশ দলকে ঘেরাও করে আটক হাফিজুর রহমানকে ছিনিয়ে নেয়। অভিযুক্তদের ধরতে এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সাবেক সংসদ সদস্য রনজিৎ রায়ের সাথে হাফিজুর রহমান( তীর চিহ্নিত) ধ্রুব নিউজ
তবে অভিযোগ অস্বীকার করে প্রেমবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম মোল্যা বলেন, "হাফিজুর রহমান নামের একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য তথা মৎস্যজীবী লীগের সদস্যকে মাগুরা বাজারে কে বা কারা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে বলে শুনেছি। এ ঘটনার সঙ্গে আমি বা আমার কোনো লোক জড়িত নয়।"
এদিকে আওয়ামী অঙ্গসংগঠনের নেতাকে ছিনিয়ে নেওয়ার এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র অস্বস্তি ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।