আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
সৌদি আরবে হুতিদের ধারাবাহিক হামলার পরিপ্রেক্ষিতে রিয়াদের আইকনিক আকাশচুম্বী ভবন ‘কিংডম সেন্টার’-এর কর্তৃপক্ষ সেখানকার অফিস ভাড়াটিয়াদের ‘রিমোটলি’ কাজ করার নির্দেশ দিয়েছে। একই সময়ে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, ইয়েমেন সীমান্তের কাছে একটি বিমান বিধ্বস্তের ঘটনায় দুই পাইলট নিহত হয়েছেন।
সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, ৯৯তলা বিশিষ্ট ভবনটিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূরবর্তী কর্মপদ্ধতি (রিমোট ওয়ার্কিং) অনুসরণ করা বাধ্যতামূলক করা হয়েছে। কর্তৃপক্ষ এই আদেশের কোনো কারণ জানায়নি। তবে এর এক সপ্তাহ আগে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় ১৩ জন নিহত হওয়ার ঘটনার পরপরই এই সিদ্ধান্ত এলো।
ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে সৌদি-নেতৃত্বাধীন জোটের এক দশকেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ নতুন করে শুরু হয়েছে, আর উভয় পক্ষই নিয়মিত হামলার কথা জানিয়েছে।
রিয়াদের আকাশচুম্বী ভবন ‘কিংডম সেন্টার’-এর ভাড়াটিয়াদের মধ্যে রয়েছে আর্থিক পরিষেবা প্রদানকারী জায়ান্ট মেরিল লিঞ্চ, ব্যবস্থাপনা পরামর্শক প্রতিষ্ঠান ম্যাককিনসি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
ভবনটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক ইমেইলে জানিয়েছে, ‘কিংডম সেন্টারের সকল অফিস কর্মীর জন্য দূরবর্তী কর্মপদ্ধতি (রিমোট ওয়ার্কিং) বাধ্যতামূলক করা হয়েছে; এটি অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। এই সময়ে দপ্তরে আসা থেকে বিরত থাকুন।’
তবে ভবনটির নিচের তলায় থাকা শপিংমলটি খোলা রয়েছে বলে জানানো হয়েছে।
এই নির্দেশনা এমন এক সময়ে এলো, যখন স্কুলগুলোতে দূরশিক্ষণ কার্যক্রমের মেয়াদ বাড়ানো হয়েছে এবং গত সপ্তাহের হামলার পর রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরটি এখনো বন্ধ আছে।