আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ের আলিগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
সোমবার আলিগঞ্জের পূর্ণিয়া এলাকায় একটি বহুতল ভবনের নিচতলার একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ভবনের ওপরের তলায় অবস্থিত কোচিং সেন্টারে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই পুরো ভবন ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সময় কোচিং সেন্টারের ভেতরে প্রায় ৩০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ধোঁয়া ও আগুনের তীব্রতায় আতঙ্কিত হয়ে অনেক শিক্ষার্থী প্রাণ বাঁচাতে বারান্দা ও ছাদ থেকে নিচে লাফ দেন। কেউ কেউ ভবনের বাইরের তার বেয়ে নিচে নামার চেষ্টা করেন।
খবর পেয়ে দমকল বাহিনীর একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
অগ্নিকাণ্ডের ঘটনায় উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক, স্বরাষ্ট্র বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব সঞ্জয় প্রসাদ, পুলিশের মহাপরিদর্শক (ডিজিপি) রাজীব কৃষ্ণ, দমকল বিভাগের মহাপরিচালক সুজিত পান্ডে, লখনউয়ের পুলিশ কমিশনার এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে সিভিল হাসপাতাল থেকে চার সদস্যের একটি বিশেষ মেডিকেল দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পাশাপাশি তিনটি অ্যাম্বুলেন্সও মোতায়েন করা হয়েছে।
অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।