Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ইরানের প্রতিরোধে হাফিয়ে উঠেছেন ট্রাম্প

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বুধবার, ১১ মার্চ,২০২৬, ০৯:৪১ এ এম
ইরানের প্রতিরোধে হাফিয়ে উঠেছেন ট্রাম্প

ইরানের শাসনব্যবস্থাকে উপড়ে ফেলার আশা নিয়ে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল দেশটিতে হামলা চালায়। প্রথম হামলাতেই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। দ্রুত সফলতা পেয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের লক্ষ্য নিয়ে বলতে থাকেন নানা কথা। এর মধ্যে একবার বলেছেন, যুদ্ধ চার বা পাঁচ সপ্তাহ স্থায়ী হবে। প্রয়োজনে আরো বেশিদিন যুদ্ধ চালিয়ে যাবে ওয়াশিংটন।

কিন্তু ইরান পাল্টা হামলা শুরু করলে পরিস্থিতি পাল্টে যায়। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রায় সব ঘাঁটিতে হামলা চালায় তেহরান। এতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার খবর মিলেছে। এছাড়া ইসরাইলেও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র। এ অবস্থায় যুদ্ধ শেষ করার জন্য অস্থির হয়ে উঠেছেন ট্রাম্প। তিনি ইঙ্গিত দিয়েছেন, শিগগির ইরান যুদ্ধ শেষ হতে পারে। তবে ইরান বলছে, যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধের শেষ কবে হবে তা নির্ধারণ করবে তেহরান। দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায়ও আগ্রহী নয় বলে জানিয়েছে। খবর আলজাজিরা ও বিবিসির।

গতকাল মঙ্গলবার ছিল যুদ্ধের এগারতম দিন। এদিন হামলা ও পাল্টা হামলা অব্যাহত রেখেছে দুই পক্ষই। ইরান আঘাত হেনেছে ইসরাইলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন স্বার্থে। অন্যদিকে ইসরাইল হামলা চালিয়েছে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে। এছাড়া লেবাননের পরিস্থিতিও দিন দিন নাজুক হচ্ছে।

ইরানে যথেষ্ট জয় পায়নি যুক্তরাষ্ট্র

রিপাবলিকান দলের সম্মেলনে সোমবার ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ের সামরিক পদক্ষেপ একটি ছোট অভিযান। কিছু মন্দ লোককে নির্মূল করার জন্য এই যুদ্ধ প্রয়োজন ছিল। এই পদক্ষেপ যদিও অর্থনীতিতে ‘সামান্য ধীরগতির’ সৃষ্টি করেছে। তবে দ্রুতগতিতে অর্থনীতির আবার উত্থান ঘটবে।

এই যুদ্ধ শিগগির শেষ হবে উল্লেখ করে ট্রাম্প বলেছেন, সামরিক বাহিনী ইতিমধ্যেই ইরানের প্রায় ৮০ শতাংশ ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে। বাকি লঞ্চারগুলো খুব দ্রুত ধ্বংস করা হবে। মার্কিন সেনাবাহিনী ৪৬টি ইরানি নৌবাহিনীর জাহাজ ডুবিয়ে দিয়েছে। এই অভিযান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এর ফলে একটি অনেক নিরাপদ পৃথিবী তৈরি হবে।

ইরানে আক্রমণ না করলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর তেহরান ‘এক সপ্তাহের মধ্যে’ হামলা চালাত বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, আমরা ইতিমধ্যেই অনেক দিক দিয়ে জয়ী হয়েছি। কিন্তু এই জয় যথেষ্ট নয়।

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মুজতবা খামেনির নিয়োগ কোনোভাবেই মানতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট। এই নিয়োগে তিনি হতাশ হয়েছেন। ট্রাম্প বলেছেন, আমরা মনে করি এটি দেশের জন্য সমস্যা আরো বাড়াবে।

এদিকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত করার বিষয়ে ইরানকে সতর্কবার্তা দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, যদি ইরান এমন কিছু করে যা হরমুজ প্রণালিতে তেলের প্রবাহ বন্ধ করে দেয়, তাহলে তারা এখন পর্যন্ত যতটা আঘাত পেয়েছে তার চেয়ে ২০ গুণ বেশি আঘাত পাবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে।

ট্রাম্পকে হুমকি ইরানের

কঠোর হামলা চালানো নিয়ে ট্রাম্পের হুমকিকে পাত্তাই দিচ্ছে না ইরান। ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি বলেছেন, ইরান আপনার ফাঁকা হুমকিকে ভয় পায় না। আপনার চেয়েও বড়রা ইরানকে নির্মূল করতে পারেনি। নিজের প্রতি খেয়াল রাখুন যেন নির্মূল হয়ে না যান!

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, আমি মনে করি না আমেরিকানদের সঙ্গে কথা বলা বা আমেরিকানদের সঙ্গে আলোচনার বিষয়টি আবারও টেবিলে আসবে। আলোচনার মাঝখানে বারবার আক্রমণ করে যুক্তরাষ্ট্র ভবিষ্যতের আলোচনার সম্ভাবনাকে নষ্ট করে দিয়েছে।

তিনি আরো বলেন, এই যুদ্ধ আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা শুধু আত্মরক্ষা করছি। আমরা একটি অবৈধ আগ্রাসন মোকাবিলা করছি।

যুক্তরাষ্ট্রের সম্প্রচার মাধ্যম পিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, আমি মনে করি না তাদের কোনো বাস্তবসম্মত শেষ লক্ষ্য রয়েছে। এখন পর্যন্ত তারা তাদের সব লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।

অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, ওয়াশিংটন নয়, যুদ্ধ কবে শেষ হবে তা নির্ধারণ করবে তেহরান। বাহিনীটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নায়েনি বলেন, অপমানজনক পরাজয়ের পর মিথ্যা সামরিক সাফল্য দেখানোর চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধের সমাপ্তি শুধু আমরাই নির্ধারণ করব।

ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা হ্রাস করে দেওয়ার যে দাবি যুক্তরাষ্ট্র ও ইসরাইল করছে তা অস্বীকার করে নায়েনি বলেছেন, যুদ্ধের প্রথম দিকের তুলনায় এখন আরো বেশিসংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। এখন এক টনের বেশি ওজনের ওয়ারহেড ব্যবহার করা হচ্ছে।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, আমরা অবশ্যই যুদ্ধবিরতি চাইছি না। কারণ আমরা মনে করি আগ্রাসনকারীকে এমনভাবে জবাব দিতে হবে যাতে সে শিক্ষা পায় এবং ভবিষ্যতে আর কখনো আমাদের প্রিয় ইরানে হামলার কথা না ভাবতে পারে।

পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথমবারের মতো ফোনালাপ করেছেন। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে খুব ভালো একটি ফোনালাপ করেছেন। তিনি বলেন, বাড়তে থাকা জ্বালানি তেলের দাম মোকাবিলায় যুক্তরাষ্ট্র কিছু তেল-সম্পর্কিত নিষেধাজ্ঞা শিথিল করার কথা বিবেচনা করছে।

ইরানের বিভিন্ন স্থানে ইসরাইলি বিমান হামলা

সোমবার রাতে ও মঙ্গলবার ইরানের বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। বিশেষ করে ইরানের রাজধানী তেহরান ও কারাজ এলাকায় বেশি হামলা চালানো হয়েছে।

বাসিন্দারা বিবিসিকে বলেছেন, সোমবার রাতের হামলাগুলো আগের রাতের তুলনায় আরো তীব্র ছিল। তারা দীর্ঘ সময় ধরে বারবার বিস্ফোরণের শব্দ শুনেছেন। তেহরানের এক কিশোরী বলেন, সোমবার রাতের হামলা আগের রাতগুলোর চেয়ে ভিন্ন মনে হয়েছে। বিস্ফোরণের সময় আকাশে অদ্ভুত সাদা আলো দেখা যাচ্ছিল।

ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ জানিয়েছে, ইরানের মধ্যাঞ্চলীয় শহর খোমেইনের একটি স্কুলে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। হামলায় হাফেজ খোমেইনি স্কুল ও এটির আশপাশের বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, সামরিক অভিযানের মাধ্যমে ইরানের শাসনব্যবস্থা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। আমাদের লক্ষ্য হলো ইরানি জনগণকে বর্তমান শাসনব্যবস্থার নিপীড়ন থেকে মুক্ত করা। তবে শেষ পর্যন্ত এটি তাদের ওপরই নির্ভর করছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেথ হুমকি দিয়ে বলেছেন, ইরান মারাত্মকভাবে পরাজিত হয়ে যাচ্ছে।

ইরান যুদ্ধের প্রথম ১০ দিনে ৫ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর তথ্য দিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ইরানের ৫০টির বেশি নৌযান রয়েছে বলে জানানো হয়।

ইসরাইল ও উপসাগরীয় দেশগুলোতে ইরানের পাল্টা হামলা

ইরান ইসরাইলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে।

সৌদি আরব বলছে, সোমবার রাতে তারা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পাঁচটি আক্রমণকারী ড্রোন ভূপাতিত করেছে। কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ছয়টি ড্রোন সফলভাবে ধ্বংস করেছে।

সোমবার রাতে বাহরাইনের রাজধানী মানামায় হামলায় ২৯ বছর বয়সি এক নারী নিহত হন। এরপর দেশটি বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানায়।

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার ভোরে জানায়, তারা ইরান থেকে আসা মিসাইল ও ড্রোন হুমকি প্রতিরোধ অব্যাহত রেখেছে। এ জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধবিমান মোতায়েন করেছে।

ইউএই আরো জানায়, ইরাকের উত্তরাঞ্চলীয় শহর ইরবিলে তাদের কনস্যুলেটকে একটি ড্রোন লক্ষ্যবস্তু বানায়—যাতে ক্ষয়ক্ষতি হলেও কেউ আহত হয়নি।

লেবাননে ইসরাইলি বর্বরতা

গত এক সপ্তাহ ধরে বৈরুত ও লেবাননের দক্ষিণাংশে ইসরাইল অব্যাহত বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে। তেল আবিব বলছে, তারা ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে এসব আক্রমণ চালাচ্ছে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র আভিচায় আদ্রেয়ি বলেন, লিতানি নদীর দক্ষিণে হিজবুল্লাহর তৎপরতার কারণে ইসরাইল কঠোর ব্যবস্থা নিচ্ছে।

অন্যদিকে ইসরাইলের উত্তরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

এদিকে দেশটিতে যুদ্ধের তীব্রতা বৃদ্ধি পাওয়ার মধ্যে মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত ইসরাইলি হামলায় ৪৮৬ জন নিহত হয়েছে।

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর জন্য সমবেদনা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ চিঠি লিখেছেন।

চিঠিতে শরিফ উল্লেখ করেন, তিনি আশা করেন, মুজতবা খামেনির নেতৃত্বে ইরান আগামী বছরগুলোতে শান্তি, স্থিতিশীলতা, মর্যাদা ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

যুক্তরাজ্যের ঘাঁটিতে আরো মার্কিন বি-১ বোমারু বিমান

যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটিতে নতুন করে যুক্তরাষ্ট্রের তিনটি বি-১ বোমারু বিমান অবতরণ করেছে। ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর বোমারু বিমানের মোতায়েনের জন্য ব্যবহৃত হয়ে থাকে।

এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দেন। লন্ডনের ভাষ্য অনুযায়ী, ইরানের সঙ্গে চলমান সংঘাতকে কেন্দ্র করে এসব ঘাঁটি প্রতিরক্ষামূলক অভিযানের জন্য ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

ইসরাইলের আগে যুদ্ধ থেকে বের হতে পারে যুক্তরাষ্ট্র

লন্ডনের কিংস কলেজের নিরাপত্তাবিষয়ক সহযোগী অধ্যাপক আন্দ্রেয়াস ক্রিগ বলেছেন, ইরানকে ঘিরে চলমান যুদ্ধে কতদিন পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া হবে—এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সম্ভবত একই অবস্থানে থাকবে না।

ক্রিগের মতে, যুক্তরাষ্ট্রের জন্য এই যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, ততই এর লাভ কমতে থাকবে। তিনি বলেন, যুদ্ধ চলতে থাকলে প্রতিদিনই যুক্তরাষ্ট্রের জন্য লাভ কমে যাচ্ছে। অন্যদিকে ইসরাইলের এই যুদ্ধ চালিয়ে যাওয়ার মানসিক দৃঢ়তা বেশি। তিনি আরো বলেন, এই প্রেক্ষাপটে কোনো একসময় ডোনাল্ড ট্রাম্পই যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নিতে পারেন। মনে হচ্ছে তিনি দ্রুত সেই পর্যায়ে পৌঁছাতে আগ্রহী।

ক্রিগের মতে, ইসরাইল সহজে ‘মিশন সম্পন্ন’ ঘোষণা করবে না, কারণ তারা আরো কিছু সময় যুদ্ধ চালিয়ে যেতে চাইবে।

নতুন করে ইসরাইলে মিসাইল ছুড়ল ইরান

ইসরাইলকে লক্ষ্য করে ফের মিসাইল ছুড়েছে ইরান। দীর্ঘ সময় হামলা বন্ধ থাকার পর মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে ১২টার দিকে নতুন মিসাইল হামলা চালায় তেহরান। মিসাইলের প্রভাবে ইসরাইলের বাণিজ্যিক রাজধানী তেলআবিব ও আশপাশের অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)