Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অটোপাইলট দুর্ঘটনায় টেসলার জরিমানা ২৪ কোটি ডলার বহাল

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : সোমবার, ২৩ ফেব্রুয়ারি,২০২৬, ০৩:৫২ পিএম
অটোপাইলট দুর্ঘটনায় টেসলার জরিমানা ২৪ কোটি ডলার বহাল

রায় বাতিলের আবেদন জানিয়ে টেসলা বলেছিল, এ দুর্ঘটনার জন্য একমাত্র চালক ম্যাকগি’ই দায়ী। ছবি: রয়টার্স

২০১৯ সালে টেসলার ‘মডেল এস’ গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে ২২ বছর বয়সী এক নারী নিহত এবং তার প্রেমিক গুরুতর আহত হন।

স্বয়ংক্রিয় ড্রাইভিং প্রযুক্তির নিরাপত্তা নিয়ে বড় ধরনের আইনি ধাক্কা খেল ইলন মাস্কের কোম্পানি টেসলা। ২০১৯ সালে ফ্লোরিডায় অটোপাইলট চালিত একটি গাড়ির প্রাণঘাতী দুর্ঘটনায় জুরি বোর্ডের দেওয়া ২৪ কোটি ৩০ লাখ ডলারের জরিমানার রায় বহাল রেখেছেন মার্কিন ফেডারেল আদালত।

রয়টার্স লিখেছে, ২০১৯ সালে টেসলার ‘মডেল এস’ গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে ২২ বছর বয়সী এক নারী নিহত এবং তার প্রেমিক গুরুতর আহত হন। ওই ঘটনায় টেসলাকে ২৪ কোটি ৩০ লাখ ডলার জরিমানার রায় দিয়েছিল জুরি বোর্ড। এবার ওই রায় বাতিলে টেসলার অনুরোধ খারিজ করেছেন ফেডারেল বিচারক।

শুক্রবার এ মামলার রায়ে মায়ামির ইউএস ডিস্ট্রিক্ট জজ বেথ ব্লুম বলেছেন, ২০২৫ সালের অগাস্টে দেওয়া ওই রায়ের স্বপক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে। রায় বাতিলের পক্ষে টেসলা নতুন কোনো জোরালো যুক্তিও দেখাতে পারেনি।

ডিস্ট্রিক্ট আদালতের এ সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারে ইলন মাস্কের নেতৃত্বাধীন কোম্পানিটি। তবে এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি টেসলা বা তাদের আইনজীবীরা।

মামলাটি ২০১৯ সালের ২৫ এপ্রিল ফ্লোরিডার ‘কি লারগো’তে ঘটা এক দুর্ঘটনাকে কেন্দ্র করে, যেখানে জর্জ ম্যাকগি নিজে ‘২০১৯ মডেল এস’ গাড়িটি চালাচ্ছিলেন। প্রায় ১০০ কিলোমিটার বেগে এক চৌরাস্তা পেরোনোর সময় তার ফোনটি নিচে পড়ে যায় এবং তা খুঁজতে তিনি নিচের দিকে ঝোঁকেন।

ম্যাকগির গাড়িটি গিয়ে ধাক্কা দেয় নাইবেল বেনাভিদেস লিওন ও ডিলন আঙ্গুলোর ‘এসইউভি’ গাড়িতে, যা রাস্তার পাশে পার্ক করা ছিল। এ সময় তারা গাড়ির পাশেই দাঁড়িয়ে ছিলেন। এ দুর্ঘটনায় বেনাভিদেস নিহত হন।

জুরি বোর্ড এ দুর্ঘটনার জন্য টেসলাকে ৩৩ শতাংশ দায়ী করেছে। টেসলাকে বেনাভিদেসের পরিবারকে ১ কোটি ৯৫ লাখ এবং ডিলন আঙ্গুলোকে ২ কোটি ৩১ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার রায় দিয়েছে জুরি।

এ ছাড়া আরও ২০ কোটি ডলার শাস্তিমূলক জরিমানা হয়েছে টেসলার, যা দুই পরিবারের মধ্যে ভাগ করে দেওয়া হবে। এর আগেই অভিযোগকারীদের সঙ্গে বিষয়টি মীমাংসা করে নিয়েছিলেন ম্যাকগি।

গাড়ির অটোপাইলট সংশ্লিষ্ট কোনো প্রাণঘাতী দুর্ঘটনার ক্ষেত্রে এটি কোনো ফেডারেল জুরির দেওয়া প্রথম রায়।

চালককেই দায়ী করেছে টেসলা

রায় বাতিলের আবেদন জানিয়ে টেসলা বলেছিল, এ দুর্ঘটনার জন্য একমাত্র চালক ম্যাকগি’ই দায়ী। তাদের দাবি, ‘মডেল এস’ গাড়িটিতে কোনো ত্রুটি ছিল না এবং জুরির দেওয়া এই রায় ‘কাণ্ডজ্ঞানহীন’।

টেসলা আরও বলেছে, বিভিন্ন অটোমোবাইল কোম্পানি ‘চালকদের বেপরোয়া আচরণে হওয়া ক্ষতির বিমা করে না’। ফ্লোরিডার আইন অনুসারে, ‘মানুষের জীবনের প্রতি চরম অবজ্ঞা’ দেখায়নি তারা। ফলে তাদের কোনো শাস্তিমূলক জরিমানা দেওয়া উচিত নয়।

বেনাভিদেসের পরিবার ও আঙ্গুলোর আইনজীবী অ্যাডাম বুমেল বলেছেন, তার মক্কেলরা আদালতের এ সিদ্ধান্তে সন্তুষ্ট।

“প্রথম দিন থেকেই টেসলা দায় স্বীকার করতে অস্বীকার করে আসছে। অটোপাইলট সিস্টেমটি ত্রুটিপূর্ণ ছিল এবং পুরোপুরি প্রস্তুত ও নিরাপদ হওয়ার আগেই টেসলা তা আমেরিকার রাস্তায় নামিয়ে দিয়েছিল।”

টেসলার স্বয়ংক্রিয় ড্রাইভিং সক্ষমতা নিয়ে এর আগেও অনেক মামলা হয়েছে, তবে সেগুলো শুনানিতে যাওয়ার আগেই মিমাংসা বা খারিজ হয়ে গেছে।

এদিকে, দীর্ঘদিন ধরে ব্যক্তিগত গাড়ি ও রোবোট্যাক্সির ক্ষেত্রে টেসলাকে স্বয়ংক্রিয় ড্রাইভিংয়ের পথপ্রদর্শক হিসেবে দাবি করে আসছেন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি মাস্ক।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)