ধ্রুব ডেস্ক
সমালোচিত এপস্টেইন ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত দুই মাসে জেফরি এপস্টেইন ঘিরে যৌন পাচার–সংক্রান্ত তদন্তের লাখ লাখ নথি প্রকাশ করেছে। এসব নথিতে বিশ্বের প্রভাবশালী ব্যক্তি ও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এনিয়ে প্রতিনিয়ত বিভিন্ন দেশে তোলপাড় চলছে। এবার কুখ্যাত জেফরি এপস্টেইনকে নিয়ে চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস।
রিপোর্টে বলা হয়েছে, এপস্টেইন তার বিপুল পরিমাণ ধনসম্পদ ও সামাজিক প্রভাবকে ব্যবহার করে 'অস্বস্তিকর' একটি পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টায় ছিলেন। ২০১৯ সালে নিউইয়র্কের কারাগারে মারা যাওয়ার আগেই তিনি এটি কার্যকর করতে চেয়েছিলেন।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, জেফরি এপস্টেইন নিজের শুক্রাণু দিয়ে বহু সন্তানের জন্ম দিতে চেয়েছিলেন। এর মাধ্যমে তিনি এমন এক মানবগোষ্ঠী তৈরি করতে চেয়েছিলেন, যাদের মধ্যে তার ডিএনএ থাকবে।
প্রতিবেদনে বলা হয়েছে, এই যৌন নিপীড়ক বছরের পর বছর ধরে বিশ্বের বিভিন্ন বিজ্ঞানী ও প্রভাবশালীদের সঙ্গে সাক্ষাতকালে তার এমন ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন।
তিনি চাইতেন, নিউ মেক্সিকোতে তার নিজস্ব বিশাল খামারে তার শুক্রাণু ব্যবহার করে নারীরা গর্ভধারণ করুক। এতে করে তার অনেক সন্তান হোক। এপস্টেইনের এই পরিকল্পনার কথা জানা ব্যক্তিরা এটিকে ‘বেবি র্যাঞ্চ’ বা ‘শিশু প্রজনন খামার’ বলে উল্লেখ করেছেন।
নিউইয়র্ক টাইমস বলছে, এপস্টেইনের এই পরিকল্পনা কার্যকর হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া এপস্টেইন কখনো সন্তানের বাবা হয়েছিলেন কি না- এর উত্তরও এখনো স্পষ্ট নয়।
নাসার বিজ্ঞানী হিসেবে পরিচয় দেওয়া এক নারী বলেন, এপস্টেইনের ইচ্ছা ছিল র্যাঞ্চে যেকোনো সময় অন্তত ২০ জন নারী অন্তঃসত্ত্বা থাকুক।