আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ছবি: ইউএসএএফ
ইরানের আকাশসীমার সন্নিকটে চলে আসা একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানের উদ্দেশে সতর্কতামূলক গুলি ছোড়া হয়েছে বলে দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এর ফলে বিমানটি দ্রুত গতিপথ বদলে ওই এলাকা ত্যাগ করতে বাধ্য হয়। শুক্রবার (২৭ নভেম্বর) আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের বরাত দিয়ে এই সংবাদ প্রকাশ করেছে ফার্স নিউজ।
আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের জনসংযোগ শাখার প্রকাশিত বিবৃতি অনুযায়ী, সামুদ্রিক চলাচলের নিয়ম অমান্যকারী কয়েকটি নৌযানকে আকাশপথে সুরক্ষা দেওয়ার সময় মার্কিন এফ-১৬ বিমানটি ইরানি আকাশসীমার খুব কাছাকাছি পৌঁছে যায়। ঠিক সেই মুহূর্তে আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের নতুন ও আধুনিক একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে সতর্কতামূলক গুলি চালানো হয়। ওই গুলির মুখে বিমানটি দ্রুত কৌশল অবলম্বন করে দিক পরিবর্তন করে এবং ইরানের আকাশসীমা থেকে দূরে সরে যায়।
বিবৃতিতে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নির্ধারিত বিধিমালা পাশ কাটানোর যেকোনো চেষ্টাকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছে আইআরজিসি। পাশাপাশি হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, এ ধরনের নিয়ম লঙ্ঘনের ধারা অব্যাহত থাকলে সংশ্লিষ্ট নৌযান এবং সেগুলোকে সহায়তা প্রদানকারী সামরিক বাহিনীকে আরও গুরুতর ক্ষতির সম্মুখীন হতে হবে।
মার্কিন সামরিক কমান্ডারদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে আইআরজিসি স্পষ্ট জানিয়েছে, ইরানের আকাশসীমা তাদের সশস্ত্র বাহিনীর জন্য এক ধরনের ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমারেখা। মার্কিন যুদ্ধবিমানগুলো বারবার আকাশসীমায় ঢোকার চেষ্টা করলে বা নিয়ম ভাঙলে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে কঠোর ও চূড়ান্ত জবাব দেওয়া হবে বলেও সাফ জানিয়ে দিয়েছে বাহিনীটি। আইআরজিসির মতে, এমন পাল্টা পদক্ষেপে মার্কিন বিমানগুলোর দশা অতীতে ক্ষতিগ্রস্ত হওয়া এফ-১৫ যুদ্ধবিমান ও ড্রোনগুলোর মতো হতে পারে।
প্রসঙ্গত, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের প্রেক্ষাপটে গত ফেব্রুয়ারিতে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেয় তেহরান। তখন জানানো হয়, এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ দিয়ে নিরাপদে চলাচল করতে চাইলে ইরানি সশস্ত্র বাহিনীর অনুমতি ও সমন্বয় অপরিহার্য।
সূত্র: ফার্স নিউজ