Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

গাজায় ইসরায়েলি হামলায় এমএসএফ-এর দুই কর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ০৬:১৫ পিএম
গাজায় ইসরায়েলি হামলায় এমএসএফ-এর দুই কর্মী নিহত

গাজা উপত্যকার একটি চিকিৎসাকেন্দ্রে ইসরায়েলি সামরিক অভিযানে আন্তর্জাতিক মানবিক ও চিকিৎসা সহায়তা সংস্থা মেডিসিনস সঁ ফ্রঁতিয়েরের (এমএসএফ) দুই কর্মী প্রাণ হারিয়েছেন ছবি: সংগৃহীত

গাজা উপত্যকার একটি চিকিৎসাকেন্দ্রে ইসরায়েলি সামরিক অভিযানে আন্তর্জাতিক মানবিক ও চিকিৎসা সহায়তা সংস্থা মেডিসিনস সঁ ফ্রঁতিয়েরের (এমএসএফ) দুই কর্মী প্রাণ হারিয়েছেন। গতকাল শুক্রবার এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে সংস্থাটি। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এমএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলি বাহিনী সরাসরি তাদের একটি ক্লিনিকে আঘাত হেনেছে। সংস্থাটির দাবি, ওই চিকিৎসাকেন্দ্রটির সঠিক অবস্থান সম্পর্কে ইসরায়েলি সেনাবাহিনী আগে থেকেই অবগত ছিল এবং স্থাপনাটিতে এমএসএফের লোগো স্পষ্টভাবে লাগানো ছিল। নিজেদের কর্মীদের এমন মৃত্যুতে গভীর শোক প্রকাশ করার পাশাপাশি তীব্র ক্ষোভ জানিয়েছে সংস্থাটি। এমএসএফের তথ্যমতে, নিহত ওই দুই ব্যক্তি তাদের ক্লিনিকের নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। এ নিয়ে গাজায় সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত এমএসএফের মোট ১৭ জন কর্মী নিহত হলেন।

তবে এ ঘটনার বিষয়ে সম্পূর্ণ ভিন্ন বক্তব্য দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এক বিবৃতিতে আইডিএফ দাবি করেছে, নিহত ওই দুজন আসলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সদস্য ছিলেন এবং এমএসএফ পরিচালিত ক্লিনিকটিতে নিরাপত্তারক্ষী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিহতদের নাম আহমেদ সুফিয়ান মুহাম্মদ আলী আবু হাসিরা ও মোয়াজ ইউসেফ আলিতসবাখ বলে উল্লেখ করেছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, দুজনই হামাসের সামরিক শাখার সাথে যুক্ত ছিলেন এবং ইসরায়েলি বেসামরিক নাগরিক ও সেনাদের ওপর হামলার ছক কষছিলেন।

আইডিএফ আরও দাবি করেছে যে, এই অভিযানটি কোনো হাসপাতালকে লক্ষ্য করে চালানো হয়নি এবং এর ফলে কোনো চিকিৎসা অবকাঠামোর ক্ষতিও সাধিত হয়নি। গাজা সিটিতে চালানো এই অভিযানের আগে বেসামরিক নাগরিকদের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছিল বলেও দাবি করেছে বাহিনীটি। তাদের মতে, এই ঘটনা প্রমাণ করে যে হামাস আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার আড়ালে নিজেদের অবস্থান তৈরি করে কার্যক্রম পরিচালনা করছে।

এদিকে, গাজায় স্বাস্থ্যকেন্দ্র ও স্বাস্থ্যসেবার সাথে যুক্ত কর্মীদের ওপর এ ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদরোস আধানম গেব্রেয়াসুস। এক্সে দেওয়া এক বার্তায় তিনি স্পষ্ট করেছেন যে, যারা অন্য মানুষের জীবন বাঁচাতে নিজেদের জীবন বাজি রাখেন, তাদের ওপর হামলা চালানো অনুচিত; বরং তাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)