নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান আনুষ্ঠানিকভাবে জমির দলিল ও প্রয়োজনীয় নথিপত্র ফাউন্ডেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। ছবি: ধ্রুব নিউজ
যশোর হার্ট ফাউন্ডেশনের জন্য আজ এক ঐতিহাসিক দিন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সরকারি জমির চূড়ান্ত রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে বেসরকারি এই মানবিক উদ্যোগটি এখন নিজের স্থায়ী ঠিকানা খুঁজে পেল।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান আনুষ্ঠানিকভাবে জমির দলিল ও প্রয়োজনীয় নথিপত্র ফাউন্ডেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। সরকার এই মহতী কাজের গুরুত্ব বিবেচনায় নিয়ে শহরতলীর মালঞ্চী এলাকায় এক একর পাঁচ শতক জমি বরাদ্দ দিয়েছিল, যার আইনি প্রক্রিয়া ও হস্তান্তর আজ পুরোপুরি সম্পন্ন হলো।
জমির কাগজপত্র হাতে পাওয়ার পর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুস্তাক হোসেন শিম্বা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আজকের এই রেজিস্ট্রি সম্পন্ন হওয়া আমাদের জন্য সবচেয়ে বড় অর্জন। এখন আর কোনো বাধা নেই, আমরা দ্রুতই হাসপাতালের নির্মাণ কাজ শুরু করতে পারব।”
দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ও ফাউন্ডেশনের সভাপতি ডা. এমএম রশিদ জানান, বেসরকারি উদ্যোগে নেওয়া এই প্রকল্পে সরকারের পক্ষ থেকে জমি দেওয়ার সিদ্ধান্তটি ছিল অত্যন্ত যুগান্তকারী। আজকের এই দাপ্তরিক কাজের মাধ্যমে বৃহত্তর যশোর অঞ্চলের মানুষের জন্য একটি পূর্ণাঙ্গ হৃদরোগ হাসপাতাল গড়ার স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে।
এই বিশেষ মুহূর্তটি উদযাপনে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ মিষ্টিমুখের মাধ্যমে এই অর্জনকে স্মরণীয় করে রাখেন। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান ছাড়াও এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার ও ডেপুটি কালেক্টর (রেভিনিউ) বাসুদেব কুমার মালো উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, বিশিষ্ট ব্যবসায়ী চিন্ময় সাহা, সাবেক অতিরিক্ত সচিব শফিউল হকসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।