❒ ‘হাঁড়ির গল্পে’ উঠে এল প্রান্তিক মানুষের এমন না বলা কথা
নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
পাশের বাড়ি থেকে ভেসে আসা পোলাও আর ভালো খাবারের ঘ্রাণ পেয়ে ছোট ছেলেটি বাবার কাছে প্রশ্ন করে, ‘আমরা কবে এমন খাবার খেতে পারব?’ বাবা মো. আশরাফ হোসেন ছেলেকে শিগগিরই খাওয়ানোর আশ্বাস দেন। কিন্তু দিনমজুরির সামান্য আয়ে কবে সেই সামর্থ্য হবে, তা তিনি নিজেও জানেন না। এমনকি ঈদের মতো আনন্দের দিনেও ভালো খাবারের জন্য তাঁকে অন্যের সহযোগিতার দিকে তাকিয়ে থাকতে হয়।
সমাজের আড়ালে থাকা এমন অসংখ্য না-বলা কষ্ট আর প্রতিদিনের বেঁচে থাকার লড়াইয়ের গল্পগুলোই শুক্রবার (২৭ নভেম্বর) সামনে নিয়ে আসে যশোরের ‘আইডিয়া সমাজকল্যাণ সংস্থা’। সংস্থাটির নিয়মিত সাপ্তাহিক উদ্যোগ ‘আইডিয়া ফ্রাইডে মিল’-এর ২৬৮তম সপ্তাহ উপলক্ষে আইডিয়া প্রাঙ্গণে আয়োজন করা হয় ব্যতিক্রমী অনুষ্ঠান ‘তাঁহাদের হাঁড়ির গল্প’।
সাধারণত এ ধরনের অনুষ্ঠানে সমাজের বিত্তবান বা পদস্থ ব্যক্তিরা অতিথি থাকেন। কিন্তু এদিন মঞ্চের সম্মানিত অতিথি ছিলেন সমাজের চারজন খেটে খাওয়া মানুষ—দিনমজুর মো. আশরাফ হোসেন, রিকশাচালক হাসেম আলী, রিকশাচালক মোস্তাফিজ আলী এবং গৃহকর্মী সুন্দরী। কোনো আনুষ্ঠানিক বক্তৃতা নয়, বরং তাঁরা নিজেদের আয়-রোজগার, অভাব, সন্তানের ছোট ছোট আবদার পূরণ করতে না পারার কষ্ট আর প্রতিদিনের জীবনযুদ্ধের কথা তুলে ধরেন।
রিকশাচালক হাসেম আলী বলেন, “আমাদের সামর্থ্য নেই হাঁড়ি নিয়ে গর্ব করার। আজ আপনাদের দাওয়াতে আমার সন্তান ভালো খাবার পাবে, আবার কবে পাবে জানি না। তবু প্রতি শুক্রবারে এখন একটা আশ্বাস থাকে যে ‘আইডিয়া’ আছে—অন্তত আমার সন্তান এখান থেকে একবেলা ভালো খাবার পাবে।”
আশরাফ হোসেন, হাসেম আলী, মোস্তাফিজ আলী কিংবা গৃহকর্মী সুন্দরীর কথাগুলো যেন শহরের অসংখ্য দরিদ্র পরিবারেরই প্রতিচ্ছবি। তাঁদের কথায় ফুটে ওঠে, সমাজের সামর্থ্যবান মানুষগুলো একটু আন্তরিকতা নিয়ে এগিয়ে এলে এই পরিবারগুলোর হাঁড়িতেও মাঝেমধ্যে স্বস্তি ও আনন্দ ফিরতে পারে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মো. হামিদুল হক শাহীন। তিনি বলেন, “আমরা অতি সাধারণ মানুষ; আমার ছেলেমেয়েরা একসাথে এই প্রকল্প চালায়। ২৬৭টি শুক্রবার নিরবচ্ছিন্নভাবে আমরা এই কার্যক্রম চলমান রেখেছি। আমার দোয়া, আইডিয়া ফ্রাইডে মিল যেন কেয়ামত অবধি জারি থাকে। উচ্চবিত্ত যেন বোঝে, তাঁর খাবারে ওই প্রান্তিক মানুষের হক আছে। এর জন্য অনেক খরচ করতে হয় না, সবাই অল্প অল্প যোগ হলেও একবেলায় আমরা অনেকের জন্য আয়োজন করতে পারি।”
২০২১ সালের ১৫ অক্টোবর ‘আমরা যোগ হলে সবারই খাবার মেলে’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করে আইডিয়া ফ্রাইডে মিল। প্রতি শুক্রবার জুমার নামাজের পর আইডিয়ার শিক্ষার্থীরা নিজেরা রান্না করে এতিম শিশু, পথের অনাহারী মানুষ, বস্তিবাসী, রিকশাচালক, গৃহপরিচারিকা ও বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের হাতে একবেলার ভালো খাবার তুলে দেন।
আইডিয়া ফ্রাইডে মিলের কো-অর্ডিনেটর শাহারিয়া ইয়াসমিন মীম জানান, বিগত ২৬৭ সপ্তাহে নানা বাধাবিপত্তি ও অসুস্থতা সত্ত্বেও এক শুক্রবারের জন্যও এই কাজ বন্ধ হয়নি। রমজান মাসে এটি ‘আইডিয়া ফ্রাইডে ইফতার’ নামে চলে। সুহৃদরা নিজের ইচ্ছায় পাশে দাঁড়ালেও এই আয়োজনের নামে কখনো আলাদাভাবে টাকা তোলা হয় না।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইডিয়া সমাজকল্যাণ সংস্থার সভাপতি সোমা খান, সেক্রেটারি জান্নাতুল ফেরদৌস, আইডিয়া যুব উন্নয়ন কেন্দ্রের সভাপতি তানজিয়া জাহান মমতাজ, আইডিয়া স্পোকেনের কো-অর্ডিনেটর নাবিলা সুলতানাসহ সংস্থার স্বেচ্ছাসেবী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।