ধ্রুব নিউজ ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফল প্রকাশের তারিখসংক্রান্ত একটি বিজ্ঞপ্তি সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যেপ্রণোদিত বলে নিশ্চিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। ভাইরাল হওয়া ওই বিজ্ঞপ্তিতে আগামী ২৯ অক্টোবর সকাল ১০টায় ফল প্রকাশের কথা বলা হলেও, শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে—এ তথ্যের কোনো সত্যতা নেই।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের সময় নির্ধারণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য প্রচার করা হচ্ছে, তার সঙ্গে শিক্ষা বোর্ডগুলোর দূরতম কোনো সম্পর্ক নেই। এটি সাধারণ মানুষকে বিভ্রান্ত করার একটি অপচেষ্টা মাত্র।
বোর্ড কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়, পরীক্ষা পরিচালনা কিংবা ফলাফল প্রকাশসংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত, আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি ও দিকনির্দেশনা শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং সব শিক্ষা বোর্ডের নিজস্ব অফিশিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়ে থাকে।
যেকোনো ধরনের অতিরঞ্জিত তথ্য বা গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়ে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া সামাজিক মাধ্যমে অনির্ভরযোগ্য তথ্য শেয়ার করা ও বিভ্রান্তি ছড়ানো থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।