ধ্রুব ডেস্ক
কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’ সম্মেলন শেষে সাংবাদিকদের সাথে আলাপ করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট হয়ে ১২ লাখেরও বেশি উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করেছে শিক্ষার্থীরা। রেকর্ডসংখ্যক এই আবেদন জমা পড়ায় খাতা পুনর্মূল্যায়ন প্রক্রিয়ায় নতুন নীতিমালা আনার চিন্তা করছে সরকার।
সোমবার সকালে ঢাকার বনানীতে অনুষ্ঠিত ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’ সম্মেলন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী বলেন, বিপুল পরিমাণ আবেদন জমা পড়ায় মনে হচ্ছে প্রায় সব শিক্ষার্থীই খাতা পুনঃপরীক্ষার আগ্রহ দেখাচ্ছে। এত বিপুল উত্তরপত্র পুনরায় যাচাই করা অত্যন্ত দুরূহ কাজ। তাই ভবিষ্যতে কোন ধরনের খাতা পুনর্মূল্যায়নের আওতায় আসবে, তা নির্দিষ্ট করে দিতে নতুন নীতিমালা তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে মন্ত্রী বিদেশি শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের ভিসা প্রক্রিয়া সহজীকরণেরও ইঙ্গিত দেন। তিনি জানান, আন্তর্জাতিক শিক্ষার্থী ও বিনিয়োগ আকৃষ্ট করতে ভিসা নীতি সহজ করা হচ্ছে, যা দেশীয় বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি করবে। একই সঙ্গে অবকাঠামোর পাশাপাশি গবেষণা, প্রযুক্তি ও বৈশ্বিক মানদণ্ড অনুসরণের মাধ্যমে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়ে তোলার ওপর জোর দেন তিনি।
উল্লেখ্য, ‘বেঞ্চমার্ক বাংলাদেশ: বিল্ডিং ওয়ার্ল্ড-ক্লাস ইউনিভার্সিটিজ থ্রু গ্লোবাল স্ট্যান্ডার্ডস’ শীর্ষক এই আন্তর্জাতিক সম্মেলনে দেশের ৯০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের চেয়ারম্যান ড. মো. সবুর খান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইশতিয়াক আবেদিন, কিউএসের চিফ কমার্শিয়াল অফিসার জেসন নিউম্যান ও কিউএস ইন্ডিয়ার চেয়ারম্যান ড. অশ্বিন ফার্নান্দেজ।