নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে বৃহস্পতিবার অনুষ্ঠিত এইচএসসির ভূগোল (তত্ত্বীয়) ১ম পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে এদিন পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৮৩৪ জন পরীক্ষার্থী।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত ভূগোল ১ম পত্র পরীক্ষায় বোর্ডের অধীনে থাকা ১০ জেলার ২৪০টি কেন্দ্রের মধ্যে ২১১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৩০ হাজার ৩৫ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ২৯ হাজার ২০১ জন এবং অনুপস্থিত ছিলেন ৮৩৪ জন পরীক্ষার্থী। অনুপস্থিতির গড় হার ২ দশমিক ৭৮ শতাংশ।
এদিন পরীক্ষা চলাকালীন অসদুপায় অবলম্বনের দায়ে যশোর জেলার মণিরামপুর কেন্দ্রের (কেন্দ্র কোড: মণিরামপুর-৩১৩) এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়, যার রোল নম্বর ৬২১৮৫৫।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অসদুপায় অবলম্বনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখা হচ্ছে।