নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ১০ জেলায় অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা সম্পন্ন হয়েছে। ঝিনাইদহ জেলায় অসদুপায় অবলম্বনের দায়ে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কারের ঘটনা ছাড়া আর কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২ জুলাই) প্রথম দিনে বোর্ডের ১০ জেলার ২৪০টি কেন্দ্রে বাংলা (আবশ্যিক) ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার প্রথম দিনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৬ হাজার ৭৮৪ জন, যার মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৮৪ হাজার ৭০৬ জন। প্রথম দিনেই অনুপস্থিত ছিল ২ হাজার ৭৮ জন পরীক্ষার্থী, যার গড় হার ২ দশমিক ৩৯ শতাংশ। উল্লেখ্য, গত বছর একই বিষয়ে অনুপস্থিতির হার ছিল ১ দশমিক ৭৮ শতাংশ।
বোর্ড সূত্রে আরও জানা যায়, ঝিনাইদহ জেলার বারোবাজার কেন্দ্রে পরীক্ষা চলাকালীন অসদুপায় অবলম্বনের দায়ে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত পরীক্ষার্থীদের রোল নম্বর যথাক্রমে ৪২২/৮০২৩৪৪ এবং ৬১৬৭৯০।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া এবং দুই পরীক্ষার্থী বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন।