নিজস্ব প্রতিবেদক
শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। সরকারি এমএম কলেজ কেন্দ্রের একটি কক্ষের ছবি। ছবি: ধ্রুব নিউজ
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ বৃহস্পতিবার সকাল ১০টায়। সারাদেশে এবার নিয়মিত–অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।
তবে এবার উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় (এইচএসসি ও সমমান) নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে ৩৬ শতাংশই অংশ নিচ্ছেন না। প্রতিবছর এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় অনেক শিক্ষার্থী নিবন্ধন (রেজিস্ট্রেশন) করেও শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নেন না। কিন্তু এ বছর পরীক্ষায় অংশ না নেওয়ার এই হার অস্বাভাবিক বেশি বলে মনে করছেন শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা।
শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, ১১টি শিক্ষা বোর্ডের অধীনে দুই বছর আগে (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করে একাদশ শ্রেণিতে নিবন্ধন করেছিলেন প্রায় ১৫ লাখ শিক্ষার্থী। এর মধ্যে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষার জন্য ফরম পূরণ করেছেন প্রায় সাড়ে ৯ লাখ শিক্ষার্থী। অর্থাৎ নিয়মিত শিক্ষার্থীদের প্রায় সাড়ে ৫ লাখ পরীক্ষায় অংশ নিচ্ছেন না।
গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষা না দেওয়ার হার ছিল ২৯ শতাংশের কিছু বেশি। অর্থাৎ এক বছরের ব্যবধানে হারটি প্রায় ৭ শতাংশ বেড়েছে। গত বছর নিবন্ধিত সোয়া ৪ লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষা দেননি।
এবার সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
আর যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এ বছর ৫৭০টি কলেজ থেকে ২৪০টি কেন্দ্রে মোট ১ লাখ ১৭ হাজার ১৭৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৫৬ হাজার ৯০৮ জন এবং ছাত্রী ৬০ হাজার ১৮৯ জন। প্রথমবারের মতো সব কটি পরীক্ষা কেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এখন পর্যন্ত সুষ্ঠভাবে পরীক্ষা হচ্ছে।
পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধিনে মাদ্রসার আলিম ও এইচএসসি ভোকেশনাল পরীক্ষাও হচ্ছে।