কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ সম্পন্ন হয়েছে। ছবি: ধ্রুব নিউজ
ঝিনাইদহের কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ সম্পন্ন হয়েছে। গত বুধবার (১৭ জুন) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা ঘটে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসাহক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক নিজেই।

বিদ্যালয় পরিচালনা কমিটির সহকারী শিক্ষক এস এম শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর কামিল স্নাতকোত্তর মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো. বাহারুল ইসলাম, কোটচাঁদপুর সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুর রহমান এবং সিরুমিয়া-কামরুন্নাহার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিয়ার রহমান। এছাড়া শিক্ষক প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও অভিভাবক সদস্য মো. খাইরুল ইসলামসহ স্থানীয় শিক্ষা অনুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। এতে অংশ নেয় বিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিম জারিন ও মৌসুমী চ্যাটার্জি। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। অনুষ্ঠানের একপর্যায়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী জারিগান, দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করে।
সমাপনী পর্বে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. নাসিমউদ্দিন বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক এস এম হুমায়ুন কবির বিপুল, সাবেক সিনিয়র শিক্ষক আব্দুর রশিদ, সনৎ কুমার গোস্বামী এবং ম্যানেজিং কমিটির সাবেক সদস্য এস এম হুমায়ুন কবির মিলন।
আলোচনা সভা শেষে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টে বিজয়ী এবং মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।