ধ্রুব নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশের বাজারে ফের কমল স্বর্ণ ও রুপার দাম। বাজুস (বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন)-এর এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে এই দর পরিবর্তনের কথা জানানো হয়। নতুন ঘোষিত দাম অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই মূল্যসূচি আজ সকাল ১০টা থেকেই সারাদেশে কার্যকর হয়েছে।
সংগঠনটি থেকে জানানো হয়, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণ বা তেজাবি স্বর্ণের দাম হ্রাস পাওয়ার পেক্ষাপট বিবেচনাতেই এই দর সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন এই মূল্যছাড়ের পর গ্রাহকদের জন্য স্বর্ণের সংশোধিত দর:
২২ ক্যারেট: প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভ্যাটসহ ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা।
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা।
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের জুয়েলারি দোকানগুলোতে এই দাম বহাল থাকবে। তবে অলংকারের গড়ন ও নকশার ওপর ভিত্তি করে নির্ধারিত মজুরি যুক্ত হবে। স্বর্ণ ও রূপার বিক্রয়মূল্যের মধ্যেই প্রয়োজনীয় ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের থেকে আলাদা করে ভ্যাট আদায় করা যাবে না। অন্যদিকে, অলংকার বদল (এক্সচেঞ্জ) বা বিক্রির (পারচেজ) ক্ষেত্রে ভ্যাট, মজুরি ও পাথরের অংশ বাদ দিয়ে পূর্বের বাজুস নীতিমালা কার্যকর থাকবে।
এর আগে গতকাল ২৮ সেপ্টেম্বরও দেশে স্বর্ণের দর সংশোধন করা হয়েছিল। সেদিন ভরিতে ২ হাজার ১৫৮ টাকা হ্রাস করে ২২ ক্যারেটের ভরিপ্রতির দাম করা হয়েছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ছিল ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।
চলতি বছর এ নিয়ে স্বর্ণের বাজার মোট ১১৯ বার পুনর্নির্ধারণ করা হলো; যার মধ্যে ৫৮ বার দাম বৃদ্ধি, ৬০ বার কমানো এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়। উল্লেখ্য, গত ২০২৫ সালে মোট ৯৩ বার দেশের বাজারে স্বর্ণের দর পরিবর্তন হয়েছিল, যেখানে ৬৪ বার বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।
কমেছে রুপার দামও
স্বর্ণের ধারাবাহিকতায় দেশের বাজারে কমেছে রুপার দরও। ভরিতে ১৭৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ভ্যাটসহ ৪ হাজার ৩১৬ টাকা নির্ধারণ করেছে বাজুস। এছাড়া নতুন সূচি অনুযায়ী:
২১ ক্যারেট: প্রতি ভরি ৪ হাজার ১৪১ টাকা।
১৮ ক্যারেট: প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা।
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা।
চলতি বছরে এ নিয়ে সর্বমোট ৭৩ বার রুপার দর সমন্বয় করা হলো, যার মধ্যে ৩৬ বার বাড়ানো এবং ৩৭ বার কমানো হয়েছে। এর বিপরীতে ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সংশোধন হয়েছিল, যার ১০ বারই বৃদ্ধি পেয়েছিল এবং হ্রাস পেয়েছিল মাত্র ৩ বার।