নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ পুরাতন বাজারের প্রবেশমুখে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা ক্ষুদ্র ব্যবসায়ীদের ১৫-২০টি কাঁচাবাজার, মাছ ও মুদি দোকান উচ্ছেদ বন্ধের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন জানানো হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) নাভারণ পুরাতন বাজার এলাকাবাসী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে আবু জাফর জেলা প্রশাসক, যশোর এবং ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আলাদা দুটি আবেদনপত্র জমা দেন।
আবেদনে উল্লেখ করা হয়, বাজারসংলগ্ন স্থানটিতে দীর্ঘদিন ধরে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা কাঁচাবাজার, মাছ ও মুদি দোকান পরিচালনা করে জীবনজীবিকা নির্বাহ করছেন। সম্প্রতি স্থানটি হাট-চাঁদনী স্থাপনের উদ্দেশ্যে ইজারা দেওয়া হয়েছে জানতে পেরে ব্যবসায়ীরা ১৫-২০টি দোকান উচ্ছেদের আশঙ্কা করছেন। এতে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি তাদের জীবিকা অনিশ্চয়তার মুখে পড়বে।
ব্যবসায়ীদের অভিযোগ, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি বিভিন্ন সময় মানসিক চাপ সৃষ্টি করে তাদের দোকান ভেঙে সরিয়ে নিতে বলছেন। সরকারি উদ্যোগে বাজারের খালি জায়গায় চারটি ঘর নির্মাণের কথা থাকলেও স্থানীয় এক প্রভাবশালী নেতার চাপে সব দোকান উচ্ছেদের চেষ্টা চলছে বলেও তারা দাবি করেন।
এদিকে, গত ২৪ সেপ্টেম্বর নাভারণ পুরাতন বাজারের খাস শ্রেণিভুক্ত প্রায় আড়াই বিঘা জমি সরেজমিনে পরিদর্শন করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম সাইফুল্লাহ। পরিদর্শনের সময় তিনি জনস্বার্থে সেখানে হাট-চাঁদনী নির্মাণের পরিকল্পনার কথা জানান এবং প্রকৃত ব্যবসায়ীদের চিহ্নিত করে তালিকা প্রস্তুতের পর অগ্রাধিকার ভিত্তিতে জায়গা বরাদ্দ দেওয়া হবে বলে আশ্বস্ত করেন।
তবে ব্যবসায়ীরা বলছেন, হাট-চাঁদনী নির্মাণে তাদের আপত্তি নেই। কিন্তু দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা প্রকৃত ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ না করে তাদের স্ব-স্ব জায়গা সংরক্ষণের ব্যবস্থা করার দাবি জানান তাঁরা। আবেদনপত্রে দোকানগুলো উচ্ছেদ না করে পূর্বের মতো ব্যবহারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।