❒ ভারতের প্রজাতন্ত্র দিবস
বেনাপোল (শার্শা) প্রতিনিধি
বেনাপোল (যশোর): ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশটিতে সরকারি ছুটি থাকায় আজ সোমবার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে সকল প্রকার আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। ভারতের পেট্রাপোল স্থলবন্দরের ক্লিয়ারিং এজেন্ট ও বন্দর ব্যবহারকারীরা এই ছুটির কারণে পণ্য খালাস ও পরিবহন স্থগিত রাখায় বেনাপোল বন্দরেও এর প্রভাব পড়েছে।
বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ওপারে সরকারি ছুটি ও উদযাপন থাকায় আজ সকাল থেকে কোনো পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করেনি এবং বাংলাদেশ থেকেও কোনো ট্রাক ওপারে যায়নি। ফলে বন্দরের ট্রাক টার্মিনাল ও শেডগুলোতে বাণিজ্যিক কর্মকাণ্ড সাময়িকভাবে স্থবির হয়ে আছে।
তবে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, বন্দরে পণ্য পরিবহন বন্ধ থাকলেও চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা আগের মতোই নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন।
বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন গণমাধ্যমকে জানান, ভারতের পেট্রাপোল বন্দরে ছুটি থাকায় আজ পণ্য খালাস সম্ভব হচ্ছে না। আগামীকাল মঙ্গলবার সকাল থেকে পুনরায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য ও পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হবে।
উল্লেখ্য, দেশের স্থলবন্দরগুলোর মধ্যে রাজস্ব আদায়ে শীর্ষ অবস্থানে রয়েছে বেনাপোল। এই বন্দর দিয়ে বছরে প্রায় ৪০ হাজার কোটি টাকার পণ্য আমদানি এবং ১০ হাজার কোটি টাকার পণ্য রপ্তানি হয়ে থাকে। এছাড়া প্রতি বছর চিকিৎসা, ব্যবসা ও পর্যটনসহ বিভিন্ন কারণে প্রায় ১৮ লাখ পাসপোর্টধারী যাত্রী এই পথ ব্যবহার করেন। মাত্র একদিন বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও তা জাতীয় রাজস্ব আদায়ে কিছুটা প্রভাব ফেলে বলে মনে করছেন বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।