অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলায় নিজ বাড়ি থেকে আছিয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের রামনগর গ্রামে এই নির্মম ঘটনা ঘটে। চাঞ্চল্যকর এই ঘটনায় গোটা এলাকায় শোক ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
নিহত আছিয়া বেগম রামনগর গ্রামের মৃত আবু দাউদ শেখের স্ত্রী। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি তাঁর এক বোনের সঙ্গে ওই বাড়িতে বসবাস করে আসছিলেন।
নিহতের মেয়ে পান্না বেগম জানান, বাবার মৃত্যুর পর তাঁর মা ও খালা একই বাড়িতে থাকতেন। সোমবার খালা তাঁর নিজের মেয়ের বাড়িতে বেড়াতে যান, ফলে মা রাতে বাড়িতে একাই ছিলেন। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা তাঁর মাকে ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে তাঁরা ঘরে প্রবেশ করেন এবং খাটের ওপর গলাকাটা মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। আলামত সংগ্রহসহ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না।"