বেনাপোল প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
যশোরের শার্শায় বিপুল পরিমাণ অবৈধ মাদকসহ মো. সাদ্দাম হোসেন (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার উপপরিদর্শক (এসআই) শ্রীকান্ত বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তার সাদ্দাম হোসেন বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া (রেজাউল মার্কেটের পেছনে) এলাকার মো. মিজানুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাগুড়ী এলাকার শার্শা গ্রামের ওহিদুজ্জামান ওরফে অহিদের কাঠের মিলের বিপরীত পাশের পাকা সড়কে মাদকের চালান হস্তান্তরের খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সন্দেহভাজন সাদ্দামকে ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ১০ লিটার দেশীয় তৈরি বাংলা মদ জব্দ করে পুলিশ।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামির বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এলাকায় মাদক বিস্তার রোধে পুলিশের বিশেষ চিরুনি অভিযান অব্যাহত থাকবে।