নিজস্ব প্রতিবেদক
আটক রিফাত ফকির ছবি: ধ্রুব নিউজ
বরিশালের আগৈলঝাড়া থানা ভাঙচুর মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি রিফাত ফকিরকে (২৫) যশোরে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার বাহাদুরপুর তেঁতুলতলা এলাকায় এক যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বরিশাল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও যশোরের উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা এ যৌথ অভিযান পরিচালনা করেন।
আটক রিফাত ফকির বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী ফকিরবাড়ী গ্রামের খোকন ফকিরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ জুলাই একটি চুরি মামলার আসামি রিয়াজ ফকিরকে আটক করে আগৈলঝাড়া থানা পুলিশ। থানা হেফাজতে থাকা অবস্থায় ওই আসামি দেয়ালের সাথে নিজের মাথায় আঘাত করে গুরুতর আহত ও অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিয়াজ ফকিরের মৃত্যু হয়েছে— এমন একটি মিথ্যা গুজব ছড়িয়ে দিয়ে স্থানীয় উশৃঙ্খল জনতা থানায় হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর করে।
থানা ভাঙচুরের এ ঘটনায় আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার এজাহারভুক্ত আসামি রিফাত ফকির গ্রেফতার এড়াতে যশোরে আত্মগোপন করে আছেন— এমন তথ্যের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হয়ে ডিবি পুলিশ যশোরে অভিযানে আসে। পরে উপশহর পুলিশ ফাঁড়ির সহায়তায় তাকে বাহাদুরপুর তেঁতুলতলা থেকে আটক করা হয়।
আজ সন্ধ্যায় বরিশাল ডিবি পুলিশের দলটি গ্রেফতারকৃত রিফাত ফকিরকে নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছে।