নিজস্ব প্রতিবেদক
ছবি: এআই প্রণীত স্কেচ
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় স্কুলে যাওয়ার পথে অপহরণের শিকার হওয়া ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে প্রায় ১৪ ঘণ্টা পর যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। রহস্যজনক এই ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা ওই শিক্ষার্থীকে অপহরণ করেছিল, কোথায় নিয়ে রাখা হয়েছিল এবং কী উদ্দেশ্যে তাকে অপহরণ করা হয়েছিল—এসব বিষয় উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সকাল সাড়ে ৮টায় ওই শিক্ষার্থী বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয়। বাড়ি থেকে প্রায় ৩০০ গজ দূরে পৌঁছালে মোটরসাইকেলে আসা অজ্ঞাতনামা দুই ব্যক্তি তাকে অচেতন করে তুলে নিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এরপর থেকে পরিবারের সদস্যরা তার কোনো সন্ধান পাচ্ছিলেন না।
এদিকে একই দিন রাত সাড়ে ১০টায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলার মডেল ওয়ার্ডের সামনে ওই কিশোরীকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখেন এক নারী। তার আচরণ সন্দেহজনক মনে হলে তিনি মানবিক দায়িত্ববোধ থেকে কিশোরীকে সঙ্গে নিয়ে হাসপাতালের পুলিশ বক্সে যান এবং বিষয়টি কর্তব্যরত পুলিশ সদস্যদের জানান।
পরে পুলিশ ওই শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত করে সাতক্ষীরায় তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, কীভাবে ওই ছাত্রীকে অপহরণ করা হয়েছে, কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং অপহরণের পর কোথায় রাখা হয়েছিল—এসব বিষয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর দ্রুত অপহরণকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।