অভয়নগর প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ধলিগাতী গ্রামে রিয়াজ (২৮) নামের এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ রাতে ধলিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায় এবং তাকে রক্তাক্ত জখম করে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়। এই ঘটনার পর থেকে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে হামলার বিষয়ে ভয়ে প্রকাশ্যে কেউ মুখ খুলতে বা কথা বলতে রাজি হননি।
স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে, আহত রিয়াজের বিরুদ্ধে অতীতে একাধিক মামলা ছিল এবং তিনি মাদক-সংক্রান্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে পূর্ব কোনো শত্রুতা, মাদক সিন্ডিকেটের অভ্যন্তরীণ কোন্দল নাকি অন্য কোনো কারণে এই হামলা চালানো হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত গুরুতর আহত রিয়াজের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। কে বা কারা এই বর্বরোচিত হামলা চালিয়েছে এবং এর পেছনের প্রকৃত কারণ কী, তা উদঘাটন করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তারা।